ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘুরেছে ইংল্যান্ড, সবচেয়ে কম ফ্রান্স

বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘুরেছে ইংল্যান্ড, সবচেয়ে কম ফ্রান্স
×

ছবি- বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৩:২৬

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। মাঠের লড়াই শুরুর আগে ফুটবলারদের পারফরম্যান্সের ওপর বড় প্রভাব ফেলতে পারে ‘ভ্রমণজনিত ক্লান্তি’র অদৃশ্য শত্রু। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে আয়োজিত এবারের বিশ্বকাপে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে দলগুলোকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। সেই হিসাবে সবচেয়ে বেশি ভুগেছে ইংল্যান্ড, আর সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ফ্রান্স।

পরিসংখ্যান বলছে, সেমিফাইনালে ওঠার পথে ইংল্যান্ডকে মোট ২০ হাজার ৬০০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। কানসাস সিটিতে বেস ক্যাম্প থাকলেও সেখানে কোনো ম্যাচ খেলেনি থ্রি লায়ন্সরা। ডালাস, বোস্টন, নিউ জার্সি, আটলান্টা হয়ে কোয়ার্টার ফাইনালের জন্য তাদের যেতে হয়েছে মেক্সিকো সিটিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় ম্যাচ খেলার পর আবার সেমিফাইনালের জন্য ফিরতে হয়েছে আটলান্টায়।

ভ্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আর্জেন্টিনার মোট ভ্রমণ ৮ হাজার ২৫ কিলোমিটার। কানসাস সিটি ও মায়ামিকে কেন্দ্র করেই নিজেদের সূচি সামলিয়েছে লিওনেল স্কালোনির দল।

চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে কম ভ্রমণ করেছে ফ্রান্স। বোস্টন, নিউ জার্সি ও ফিলাডেলফিয়ার আশপাশেই বেশির ভাগ ম্যাচ খেলায় দিদিয়ের দেশমের দলের মোট ভ্রমণ মাত্র ৫ হাজার ৫০০ কিলোমিটার। অর্থাৎ ইংল্যান্ডের তুলনায় প্রায় চার গুণ কম।

বিশ্লেষকদের মতে, ভ্রমণজনিত ক্লান্তির কারণে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই সেমিফাইনালের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভ্রমণের এই ধকলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

×