‘ফ্রান্সের আমাদের ভয় পাওয়া উচিত’, মন্তব্যের ব্যাখ্যায় যা বললেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:৩৮
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগেই রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। এক মন্তব্যে মাঠের বাইরের উত্তাপটা তিনি একাই বাড়িয়ে দিয়েছিলেন বলা যায়। স্পেনের এই তরুণ তারকার সেই মন্তব্যের পক্ষে বিপক্ষেও মুখ খুলেছেন ফ্রান্সের অনেক ফুটবলার। তবে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে নিজের সে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ইয়ামাল নিজেই।
সম্প্রতি ইয়ামাল বলেছিলেন, ‘যদি কেউ ভয় পায়, তাহলে ফ্রান্সেরই পাওয়া উচিত। ইউরোতে আমরা তাদের হারিয়েছি।’ বার্সেলোনার এই ফরাসি উইঙ্গারের এমন মন্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
তবে ইয়ামাল যখন এমন মন্তব্য করেন, তখনও নিশ্চিত ছিল না বিশ্বকাপে দুই দল আদৌ মুখোমুখি হবে কি না। তবে সেমিফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গ উঠে আসে।
নিজের সেই মন্তব্যের ব্যাখ্যায় ইয়ামাল বলেছেন, ‘আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমি ফ্রান্সকে ভয় পাই কি না। জবাবে আমি বলেছিলাম, আমি ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। আর এটা তো ফুটবল খেলা।’
স্পেনের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। ২০২৪ ইউরো সেমিফাইনালের পর ২০২৫ সালে উয়েফা নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল লে ব্লুদের। নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্পেন।
এবার সেই হিসাবটা চুকানোর সুযোগ পাচ্ছেন দিদিয়ের দেশমের শিষ্যরা। ১৫ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
সেই ম্যাচের আগে ইয়ামাল ফ্রান্সের শক্তিমত্তাকে সেভাবে সমীহ না করলেও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ফরাসিদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন। নেশনস লিগের সেমিফাইনালের দলের তুলনায় ফ্রান্সের বর্তমান দলকে শক্তিশালী উল্লেখ করে ফুয়েন্তে বলেন, ‘আমার কাছে মনে হয় যে, তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। কারণ, ওদের দলের ফুটবলাররা এখন আরও অভিজ্ঞ হয়েছে। এখন তারা আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছে। গত দুই বছরে নিজেদের দক্ষতা অনেক বাড়িয়ে নিয়েছে তারা।’