‘আমরা কাউকেই ভয় পাই না’, ইয়ামালকে রাবিওর জবাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১১:৫৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১১:৫৬
আজ বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে আলোচনা হচ্ছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে। তবে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও জানিয়েছেন, তাদের লক্ষ্য কোনো একক ফুটবলার নয়, পুরো স্পেন দল।
ইয়ামালকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে রাবিও বলেন, ‘না, ইয়ামালকে নিয়ে আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো স্পেন দলকে নিয়েই ভাবছি। তারা সব দিক থেকেই বিপজ্জনক। ইয়ামাল আছে, আবার অন্যরাও আছে। তাদের বল দখলে রাখার ক্ষমতা, ছোট ছোট জায়গায় আক্রমণ গড়ে তোলা এবং আক্রমণভাগের সমন্বয় দারুণ। তাই আমাদের মনোযোগ পুরো দলের দিকেই।’
কোয়ার্টার ফাইনালের পর লামিন ইয়ামাল বলেছিলেন, বিশ্বকাপের শুরু থেকেই সবাই এই ম্যাচটির অপেক্ষায় ছিল এবং ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। তবে সেই মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন রাবিও।
ফরাসি মিডফিল্ডারের ভাষায়, ‘আমরা কাউকেই ভয় পাই না। খুব ভালো প্রস্তুতি নিয়েই এই সেমিফাইনালে এসেছি। দল দারুণ ছন্দে আছে এবং আমাদের আত্মবিশ্বাসও অনেক বেশি। এখন সবকিছুর উত্তর মিলবে মাঠেই।’
সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। দুই দলের সর্বশেষ ১০ দেখায় সাতবারই জয় পেয়েছে স্পেন। এর মধ্যে গত বছরের নেশন্স লিগ সেমিফাইনালে ৫-৪ গোলে এবং ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে বিদায় করেছিল লা রোজারা।
তাই ডালাসের সেমিফাইনাল দিদিয়ের দেশমের দলের জন্য প্রতিশোধ নেওয়ারও সুযোগ। অন্যদিকে, ইয়ামালদের লক্ষ্য স্পেনকে আরেকটি বড় আসরের ফাইনালে তুলে নেওয়া।
- বিষয় :
- স্পেন
- ফ্রান্স
- বিশ্বকাপ ফুটবল