ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শেষ দেখায় ইংল্যান্ডের বিপক্ষে কেন খেলেননি মেসি?

শেষ দেখায় ইংল্যান্ডের বিপক্ষে কেন খেলেননি মেসি?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১১:০২ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১১:০৪

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনও থ্রি লায়ন্সদের মুখোমুখি হননি আর্জেন্টাইন অধিনায়ক। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের সঙ্গে তার দেখা হয়ে যেতে পারতো। কিন্তু অপ্রীতিকর এক ঘটনায় সেটা হতে গিয়েও হয়নি।

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়। একই বছরের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মেসি ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে দলে ছিলেন না।

মেসির দলে না থাকার কারণ ছিল লাল কার্ডের নিষেধাজ্ঞা। হাঙ্গেরির বিপক্ষে বদলি নামার মাত্র ৪৫ সেকেন্ডের মাথায় ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। নিষেধাজ্ঞার কারণে ইংলিশদের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে খেলা হয়নি তার। জেনেভায় অনুষ্ঠিত সেই ম্যাচে মাইকেল ওয়েনের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারায় ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ ২১ বছর পর প্রথমবার থ্রি লায়ন্সদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মেসির অভিষেক ম্যাচ

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১৬ জুলাই রাত ১টায় আটলান্টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর।

প্রসঙ্গত, আর্জেন্টিনা ও ইংল্যান্ড প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০২ সালে। বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের পেনাল্টিতে ১-০ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালের সেই প্রীতি ম্যাচে। দীর্ঘ ২১ বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সেটাও বিশ্বকাপ সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৬২ সালের প্রথম দেখায় এবং ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনাকে হারায় ইংল্যান্ড। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’-এ ভর করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা, পরে তারা বিশ্বকাপ শিরোপাও জেতে। ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম লাল কার্ড দেখার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে ৪ বছরের মাথায় ২০০২ সালে গ্রুপ পর্বে বেকহ্যামের পেনাল্টিতেই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় ইংলিশরা।

আরও পড়ুন

×