ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্পেনের শক্তির যেসব দিক আর্জেন্টিনার চিন্তার কারণ হতে পারে

স্পেনের শক্তির যেসব দিক আর্জেন্টিনার চিন্তার কারণ হতে পারে
×

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলের পর মিকেল ওয়ারজাবালের উদযাপন (বাঁয়ে)। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৭:০০

স্পেনের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি? এই প্রশ্নের উত্তরে আরেকটি পাল্টা প্রশ্ন সামনে আসে, সেটি হলো- তাদের দুর্বলতা আসলে কোথায়?

এই দলটির তেমন কোনো দুর্বলতা চোখে পড়ে না। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে কোচ লুইস দে লা ফুয়েন্তে ‘একতাবদ্ধ’ স্পেনের কথা বলে শিষ্য ও সমর্থকদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু স্কোয়াড ঘোষণার পর যখন দেখা গেল, রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নেই। কেবল তখনই দলটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ।

স্কোয়াডের ২৬ সদস্যের আটজনই বার্সেলোনার হয়ে খেলেন। সেমিফাইনালের শুরুর একাদশে মাঝমাঠ ও আক্রমণভাগে নামা খেলোয়াড়দের মধ্যে ফ্যাবিয়ান রুইজ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির মাঝমাঠের মূল চালিকাশক্তি। উইংয়ে অ্যালেক্স বায়েনা অ্যাতলেতিকো মাদ্রিদের এই পজিশনের প্রাণ ভোমরা।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী ম্যানচেস্টার সিটির রদ্রি যেন ডিফেন্সিভ মিডফিল্ডের জাদুকর। সেন্ট্রাল ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল তো পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে নিজের ক্লাব রিয়াল সোসিয়েদাদকেই পরিচিত করে তুলছেন।

চলতি টুর্নামেন্টে ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার (মিকেল) ৫টি গোল করেছেন। ফাইনালেও এই ধারা অব্যাহত রাখা এবং দল যদি শিরোপা জেতে তাহলে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে তিনি কিংবদন্তিতুল্য মর্যাদা পেতে পারেন। 

দলটির মেরুদণ্ডের প্রায় পুরোটাই বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে গঠিত। যেখানে আছেন বর্তমানে বিশ্ব ফুটবলের নতুন পোস্টার বয় লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সী এই উইঙ্গার ইউরো ২০২৪-এ স্পেনকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। ফাইনালে তাঁর জাদুকরী মুহূর্ত দেখতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আসরজুড়ে স্পেনের আক্রমণের ছন্দ নির্ধারণ করেছেন দানি ওলমো। তিনি প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডারদের মাঝের ফাঁকা জায়গায় অবস্থান নিয়ে উইঙ্গার ও স্ট্রাইকারের কাছে বল পৌঁছে দিয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন। এছাড়া, রক্ষণভাগের কেন্দ্রবিন্দুতে আছেন ১৯ বছর বয়সী পাউ কুবার্সি। 

স্পেনের এই দলটির শক্তিমত্তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত নিকো উইলিয়ামসের উদাহরণ। তিনি বর্তমান ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতিভাদের একজন। অ্যাথলেটিক বিলবাওয়ের ২৪ বছর বয়সী এই উইঙ্গার ইউরো-২০২৪ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু অন্যদের সমন্বয়ে দল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, নিকো তাতে ভূমিকা রাখার মতো খুব একটা সুযোগই পাচ্ছেন না।

আরও পড়ুন

×