‘এত বড় সাফল্য আর পাব কি না জানি না’, বিদায়ের ইঙ্গিত স্কালোনির?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১১:১৫
২০১৮ সালে যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন দলটি ছিল আত্মবিশ্বাসহীন ও দীর্ঘ শিরোপা-খরায় জর্জরিত। সেই দলকেই কয়েক বছরের ব্যবধানে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন লিওনেল স্কালোনি। তার হাত ধরেই আসে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে অনিশ্চয়তার কথা জানালেন আর্জেন্টাইন এই কোচ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে ছিল হতাশা আর ক্লান্তির ছাপ। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে দলকে তোলা এই কোচ জানালেন, সামনে কী করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাবতে চান।
আবেগাপ্লুত স্কালোনি বলেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব। আমার মাথায় একটি পরিকল্পনা আছে, কিন্তু সত্যি বলতে এখন আমাকে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না, এরপর এত বড় সাফল্য আর অর্জন করতে পারব কি না। হয়তো আমার কিছুটা বিরতি প্রয়োজন, নতুন করে ভাবার সময় দরকার।’
দীর্ঘ আট বছরের যাত্রায় আর্জেন্টিনা ফুটবলে আমূল পরিবর্তন এনেছেন স্কালোনি। শিরোপার পর শিরোপা জিতে সমর্থকদের ফিরিয়ে দিয়েছেন হারানো গৌরব। তাই দায়িত্ব পালনের এই সময়টিকে জীবনের অন্যতম সেরা অধ্যায় বলেই মনে করেন তিনি।
স্কালোনির ভাষায়, ‘আমি, আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এই দলের দায়িত্ব পালন করা আমাদের সবার জন্য স্বপ্নপূরণের মতো ছিল। এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদও শেষের পথে। ফলে তার মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি কি সত্যিই দায়িত্ব ছাড়বেন, নাকি কিছুদিন বিরতি নিয়ে আবারও ফিরবেন। এ প্রশ্নের উত্তর এখনও অজানা।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি