ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গী হাজি মাজার ব‌স্তি উচ্ছে‌দ, সড়ক অব‌রোধ করে প্রতিবা‌দী বি‌ক্ষোভ

টঙ্গী হাজি মাজার ব‌স্তি উচ্ছে‌দ, সড়ক অব‌রোধ করে প্রতিবা‌দী বি‌ক্ষোভ
×

ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী। ছবি: সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৪

গাজীপুরের টঙ্গীতে হাজি মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী। আজ বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৯টায় টঙ্গী বাজার এলাকায় উড়াল সড়কের ওপ‌রে এ বিক্ষোভে অংশ নেন তারা। এ সময় সড়কে যানবাহন বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। 

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হাজির মাজার বস্তি থেকে বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসী। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে আবার বিআরটি ফ্লাইওভারের ওপরে বস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও মানববন্ধন চলে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা সড়ক ছেড়ে চলে যান। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানের আড়ালে নিরীহ ও সাধারণ বস্তিবাসীকে উচ্ছেদের চেষ্টা চলছে। তাদের দাবি, মাদক ব্যাবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তবে এর দায় সাধারণ বাসিন্দাদের ওপর চাপিয়ে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই বস্তি উচ্ছেদ না করার দাবিও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সড়কে থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত সোমবার রাজউক ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে হাজী মাজার বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন

×