ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিমিয়ার লিগ শুরু আজ

ফের আর্সেনাল নাকি অন্য কারও উত্থান

ফের আর্সেনাল নাকি অন্য কারও উত্থান
×

নাজমুল হক নোবেল

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৬:৫৭

এক মাস হয়ে গেছে বিশ্বকাপ ফাইনালের, অথচ মনে হচ্ছে এই তো সেদিন শিরোপা উঁচিয়ে ধরেছিলেন রদ্রি-ইয়ামালরা! আজ শুক্রবার থেকে প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুম মাঠে গড়াচ্ছে। প্রথম দিনেই চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে প্রমোশন পাওয়া কভেন্ট্রি সিটি। বাংলাদেশ সময় আজ রাত ১টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পরদিন শনিবার বিকেলে আরেক প্রমোশন পাওয়া দল হাল সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেদিন রাত সাড়ে ১০টায় দলবদলের বাজারে বিশাল ব্যয় করা টটেনহ্যামের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড।

দুই যুগ পর গত মৌসুমে শিরোপার দেখা পায় আর্সেনাল। বোদ্ধাদের মতে, এবারও প্রিমিয়ার লিগে ফেভারিট মিকেল আর্তেতার দল। আর্তেতার ছয় বছরের চেষ্টায় গানাররা এখন শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একটি দল। কিন্তু তাদের চ্যালেঞ্জ জানাতে পারে, এমন সবগুলো দলই ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের চ্যালেঞ্জারদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া বাকি সব বড় দলের কোচ বদল হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ছেড়ে গেছেন। 

অন্যদিকে আর্সেনালের শক্তি শুধু বেড়েছে। একমাত্র লিয়ান্দ্রো ত্রোসার্ত দল ছেড়েছেন। লেফট-উইংয়ে তাঁর জায়গায় এসেছেন গ্রিক প্রতিভা ক্রিস্টোস জোলিস। প্রাক-মৌসুমে দারুণ খেলেছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারেস যোগ দেওয়ায় গানারদের মিডফিল্ডের গভীরতা ও সৃষ্টিশীলতা অনেক বেড়েছে। আর্সেনালের তারকা সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা বিশ্বকাপে চোট পেয়ে চার মাসের জন্য ছিটকে গিয়েছিলেন। অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ সেন্টার-ব্যাক কোনসাকে দলে নিয়ে সে দুর্বলতা দূর করেছেন আর্তেতা।

আর্সেনালকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারত ম্যানচেস্টার সিটি। কিন্তু পেপ গার্দিওলা সিটির কোচের দায়িত্ব ছাড়ার পর দলটির লাইন-আপে অনেক পরিবর্তন এসেছে। এরই মধ্যে দল ছেড়ে গেছেন তিন স্তম্ভ রদ্রি, বার্নার্দো সিলভা ও জন স্টোন্স। নতুন কোচ এনেজো মারেস্কা তরুণ মিডফিল্ডার মরোক্কান প্রতিভা আইয়ুব বুয়াদ্দিকে দলে নিয়েছেন। রেকর্ড ট্রান্সফার ফিতে ইংলিশ মিডফিল্ডার ইলিয়ট এন্ডারসনকে নেওয়া হয়েছে। দলে অবশ্য গোল মেশিন আর্লিং হালান্ড এখনও আছেন। মারেস্কার অধীনে ম্যানসিটি কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। অবশ্য কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারেই সিটির অবস্থাটা আঁচ করা যাচ্ছে। সিটির মতো আরেক ফেভারিট লিভারপুলও ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ আর্নে স্লটের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে আন্দোনি ইরাওলাকে। তিনি মোহামেদ সালাহর অভাব পূরণ করতে চাইছেন পিএসজি থেকে ব্রাডি বারকোলাকে এনে। অবশ্য প্রাক-মৌসুমেই লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তাদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সে তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেডের ভালো সম্ভাবনা আছে। গত জানুয়ারিতে রুবেন আমোরিমকে বরখাস্ত করে রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া হয় ঘরের ছেলে মাইকেল ক্যারিককে। গত মৌসুমের বাকি সময়টা তাঁর অধীনে দারুণ খেলেছে ম্যানইউ। ক্যারিকের অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে ম্যানইউ। গত মৌসুমের শেষ দিকে পাওয়া এ ছন্দ নিশ্চিতভাবে এবার বেশ কাজে লাগবে তাদের। তা ছাড়া ম্যানইউ কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও হারায়নি। বুড়ো ক্যাসেমিরো চলে যাওয়ায় বরং তাদের ভালো হয়েছে। বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টেলিমানস যোগ দেওয়ায় মাঝমাঠে বিকল্প বেড়েছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকেও দলে ভিড়িয়েছে তারা। এ ছাড়া ধার শেষে ঘরের ছেলে মার্কাস রাশফোর্ডও ফিরে এসেছেন। তাই ম্যানইউ এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আবির্ভূত হতে পারে।

চলতি মৌসুমে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে টটেনহ্যাম। নতুন কোচ রবার্তো ডি জের্বি দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছেন। মোটা ট্রান্সফার ফিতে নিউক্যাসল থেকে ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালিকে দলে টেনেছেন, লিভারপুল থেকে নিয়েছেন ডিফেন্ডার এন্ডি রবার্টসনকে। গত মৌসুমে দশম হওয়া চেলসিও ভালো দল গড়ার চেষ্টা করেছে। তবে মাঠে তারা কেমন করবে, সে আস্থা এখনও পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

×