চট্টগ্রামে চার দলের টি২০ টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪০
খেলার মাঠ থাকলেও চট্টগ্রামে ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট অনিয়মিত। এই বন্ধ্যত্ব ঘোচাতে উদ্যোগী হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দলের টি২০ টুর্নামেন্ট।
গতকাল শনিবার বিসিবি পরিচালক নান্নু সমকালকে বলেন, ‘বিভাগকে চারটি জোনে ভাগ করে টি২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু বলতে পারেন। যেহেতু লিগ হচ্ছে না, তাই প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে খেলা হবে টুর্নামেন্টটি। চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় নিয়ে হচ্ছে দলগুলো। অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার থাকবে প্রতিটি দলে।’
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা থেকে খেলবে ইস্পাহানী কর্ণফুলী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা নিয়ে গড়া দলের নাম সাম্পান। বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ দলটির পৃষ্ঠপোষক। নোয়াখালী জেলা দলের নাম ভুলুয়া। এই জেলার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় হবে দল।
ফর্টিস ময়নামতি দল গড়া হবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রিকেটারদের নিয়ে। ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে লিগের ম্যাচ। ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা।
- বিষয় :
- বিসিবি