ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাগোয়া শিল্পের নগরীতে গেমসের উন্মাদনা

নাগোয়া শিল্পের নগরীতে গেমসের উন্মাদনা
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক, (নাগোয়া) জাপান থেকে

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৪

নাগোয়া বন্দরের ইসে উপসাগরের উপকূলে কৃত্রিমভাবে তৈরি দ্বীপ কিঞ্জো-ফুতো। সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন খ্যাত এই দ্বীপের পাশেই অবস্থিত নাগোয়া ইন্টারন্যাশনাল এক্সিবিশনের তিনটি হল। স্থানীয়ভাবে পোর্টমেস নাগোয়া নামে পরিচিত এক্সিবিশন হলের পাশের দ্বীপের তীরে ক্রুজশিপ তথা প্রমোদতরী রয়েছে। যে প্রমোদতরী এশিয়ান গেমসের ভিলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাপানের আইচির রাজধানী নাগোয়া শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক শিল্প এবং নানা সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। তবে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পের যান্ত্রিকতা ছাপিয়ে নাগোয়া এখন মেতে উঠেছে বিশ্বমানের ক্রীড়া উদযাপনে।

১৯ সেপ্টেম্বর নগরের পালমা মিজুহো অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া উৎসব এশিয়ান গেমসের ২০তম আসরের। ৪৫ দেশের ১১ হাজারের বেশি অ্যাথলেট লড়বেন ৪৩টি ইভেন্টে। বড় স্বপ্ন নিয়ে যে মঞ্চে আছেন বাংলাদেশের ২৬০ ক্রীড়াবিদ। ক্রিকেট, ফুটবলসহ ২২টি ডিসিপ্লনে অংশ নিচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে ফুটবলের সবুজগালিচায় পা পড়েছে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের। ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতিদের এশিয়াডের লড়াই শুরু হবে আগামীকাল কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পুরো নাগোয়া শহরে বইছে এশিয়ান গেমসের উন্মাদনা। বিমানবন্দর, স্টেশন থেকে শুরু করে শপিংমলগুলোতে গেমসের লোগো এবং মাসকট শোভা পাচ্ছে। ‘এক এশিয়ার কল্পনা’ স্লোগানে এশিয়াডের জন্য বেশ কয়েকটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছে জাপান সরকার। অত্যাধুনিক স্কোয়াশ ভেন্যু ‘নাগোয়া কিঞ্জো-ফুতো অ্যারেনা’, বাস্কেটবল ও জুডোর জন্য নতুন ‘আইচি ইন্টারন্যাশনাল অ্যারেনা’ এবং ফুটবল ফাইনালের জন্য বিখ্যাত ‘টয়োটা স্টেডিয়াম’ গেমসের মূল আকর্ষণ। 

১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমার পর তৃতীয়বারের মতো জাপানে ফিরল এশিয়ান গেমস। ৩২ বছর পর এই গেমসের আয়োজক দেশটি আইচির সংস্কৃতি ও সভ্যতা বিশ্বের কাছে জানান দিতে চায়; ফুটিয়ে তুলতে চায় এই নগরীর উৎপাদন শিল্পের প্রতিকৃতি। এই নাগোয়া শহরের উপকণ্ঠে অবস্থিত বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশনের মূল সদরদপ্তর। অটোমোবাইল ও প্রযুক্তির ইতিহাস তুলে ধরে নির্মাণ করা হয়েছে টয়োটা টেকনোলজি জাদুঘর, যা জানতে দর্শনার্থীর ভিড় লেগে থাকে। তবে সবকিছু ছাপিয়ে জাপানের আইচি নাগোয়া এখন ক্রীড়াঙ্গনের মিলনমেলায় মুখর।

আইচি শহরের প্রাণকেন্দ্রে এক্সিবিশন হলে গেমস ভলান্টিয়ারদের ব্যস্ততা এখনও সেভাবে শুরু হয়নি। মেইন মিডিয়া সেন্টারে সংবাদকর্মীর ভিড় এখনও চোখে পড়েনি। কয়েক দিন পর অবশ্য নীরবতা ভেঙে ব্যস্ততা বেড়ে যাবে আয়োজক থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আসা মিডিয়া ব্যক্তিত্বদের।

আরও পড়ুন

×