গোলশূন্য প্রথমার্ধ, মেসির বিদায়ী ম্যাচে আবেগের ঢেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৬:২৬
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। বেনিনের বিপক্ষে আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে, পাল্টা আক্রমণে বেনিনও কয়েকবার অস্বস্তিতে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের।
শুরু থেকেই মেসিকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। ম্যাচ শুরুর আগে বেনিনের অধিনায়ক সেসি দি'আলমেইদা মেসির হাতে তুলে দেন আমাজন যোদ্ধার একটি বিশেষ ভাস্কর্য ও চিঠি। তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে শেষবারের মতো মাঠে প্রবেশ করেন মেসি। গ্যালারিতে তখন আবেগঘন পরিবেশ।
ম্যাচের ৭ মিনিটে রদ্রিগো দি পলের পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া শটে বেনিনের গোলরক্ষক দানজিনু পরীক্ষা নেন। খেলার দশম মিনিটে মেসির সম্মানে খেলা থামিয়ে দেন রেফারি। এ সময় পুরো মনুমেন্টাল দাঁড়িয়ে করতালিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে বিদায় জানায়। মেসিও গ্যালারির দিকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব দেন। আর স্টেডিয়ামজুড়ে আরেক দফা দেখা মেলে আতশবাজির ঝলকানির।
এরপরও আর্জেন্টিনা বেশ কয়েকবার আক্রমণ সাজিয়েছে। ২৪ মিনিটে দি পলের পাস ধরে মেসি একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বলের নাগাল পাওয়ার চেষ্টা করেন। এক মিনিট পর তার নেওয়া ফ্রি-কিকও বেনিনের গোলরক্ষক ঠেকিয়ে দেন। ৩২ মিনিটে লাওতারো মার্তিনেজের ক্রস থেকে মেসির সামনে দারুণ সুযোগ এসেছিল। ভলিতে সংযোগ পেলেও তার শট লক্ষ্যে থাকেনি।
বেনিনও বসে ছিল না। ১৭ মিনিটে কর্নার থেকে তোসিনের হেড অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায়। ১৮ মিনিটে অলাইটানের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৩ ও ৪৪ মিনিটে আবারও আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করে তারা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও রক্ষণভাগের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে।
ফলে ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ০-০। তবে এই ম্যাচে গোলের চেয়েও বড় আকর্ষণ মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা। আকাশি-সাদা জার্সি তুলে রাখতে আর মাত্র ৪৫ মিনিট দূরে তিনি।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা