ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এবাদতের বাউন্সারে ফিরলেন শহিদুল্লাহ

এবাদতের বাউন্সারে ফিরলেন শহিদুল্লাহ
×
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:২৭

ইবাদতের বাউন্সারে পুল খেলেন শহিদুল্লাহ। ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় ডিপ ফাইন লেগের দিকে। সেদিকে দৌড়ে গিয়ে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন হাসান মাহমুদ। ২০ রানে ফিরলেন তিনি। ৬৪ রানে দুই উইকেট পড়ে আফগানদের।

শুরুর জুটি ভাঙলেন হাসান

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেশনটা ভালোই কেটেছে। তবে একটি রিভিউ নষ্ট করার পাশাপাশি নিশ্চিত উইকেটের সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে আফগানিস্তানের শুরুর জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৩১ বলে তিন চারে ১৭ রান করেন সেদিকউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৬২ বল স্থায়ী ৩০ রানের জুটি।

আতালের উইকেট পাওয়ার আগে অবশ্য হতাশ হতে হয়েছে হাসানকে। তার বলে প্রথমে এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নেন অধিনায়ক শান্ত। কিন্তু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। এরপরই হাসানের বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন আতাল। জোরালো আবেদন করেও এবার রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কানায় লেগেই লিটনের হাতে জমা পড়েছিল।

৩৪৬ রানে থামল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন দাপুটে শুরু করেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত বাকি ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট।

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তবে ৯ রানের বেশি যোগ করতে পারেননি তাইজুল। মোহাম্মদ সালিমের শর্ট বলে আউট হন তিনি। এরপর নাঈমের ব্যাটে আরও কিছু রান যোগ হয়। শেষ পর্যন্ত ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন নাঈম।

প্রথম দিন বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তারা। ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফিরলেও সাদমান করেন ৬৭। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩৯ রান। পরে লিটন দাসের ৫৩ রানের ইনিংস বাংলাদেশকে তিনশর ওপরে নিয়ে যায়।

তবে ২০০ রান পেরোনোর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম রানের খাতা খুলতে পারেননি, অধিনায়ক শান্ত করেন ২৯ রান। মেহেদী হাসান মিরাজের ২৪ রানও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম সাফি। ৮২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমদজাই পেয়েছেন তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ একটি উইকেট।

আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই হিসাবে বাংলাদেশের স্কোর আরও বড় হতে পারত। একসময় ভালো অবস্থানে থেকেও শেষ দিকে ব্যাটিং ধসের কারণে প্রত্যাশার চেয়ে কম রানেই থামতে হলো সফরকারীদের।

আরও পড়ুন

×