ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

লিভারপুলে বিদ্ধ ম্যানসিটি

লিভারপুলে বিদ্ধ ম্যানসিটি
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ১৪:০১

এখনও মৌসুমের অনেক বাকি। তবে অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিভারপুল শিরোপার পথে তিন ধাপ এগিয়ে গেছে এটা বলাই যায়। প্রতি ম্যাচেই জয়ী দল পায় তিন পয়েন্ট। লিভারপুলের জন্য এই তিন পয়েন্ট সবচেয়ে বড় তিন পয়েন্ট।

কারণ গেল মৌসুমে পুরোটা সময় ম্যানসিটিকে পয়েন্ট টেবিলে ধাওয়া করেও শিরোপা জেতা হয়নি অল রেডসদের। এবার মৌসুমের ১২তম ম্যাচ খেলেই পয়েন্ট টেবিলে সিটির চেয়ে নয় পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। শিরোপার লড়াইয়ে দিয়েছে বড় লাফ। চলতি মৌসুমে জার্গেন ক্লপ এবং তার দল যদি হুট করে ছন্নছাড়া না হয়ে পড়ে। তবে তাদের শিরোপা ঠেকানো দুষ্কর।

শুরুতেই ঘরের মাঠে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় লিভারপুল। ছয় মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহো। চলতি মৌসুমে নামের পাশে টানা চারটি হলুদ কার্ড থাকায় অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ তাকে বিশ্রাম দেন। যাতে সিটির বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেন। রক্ষণ-আক্রমণে অবদান রাখার পাশাপাশি গোল করে তার প্রতিদান দিলেন ফ্যাবিনহো।

এরপর ম্যাচের ১২ মিনিটে রবার্টসনের দারুণ এক ক্রস সামনে পড়ে মোহামেড সালাহর। দৌড়ে এসে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মিসর তারকা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সাদিও মানে হেন্ডারসনের ক্রস থেকে হেডে গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। বড় ব্যবধানে সিটিকে হারানোর প্রহর গুনতে থাকা লিভারপুল ৭৮ মিনিটে এক গোল হজম করে। বেনার্ড সিলভা গোল করে দলের হারের ব্যবধান কমান।

এ জয়ে মৌসুমের শুরুর ১২ ম্যাচের ১১টিতে জয় তুলে নিয়েছে অল রেডসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে আটবার ক্লপের মুখোমুখি হয়ে আটবারই হেরেছেন পেপ গার্দিওয়ালা। আর সিটির হয়ে এতো এতো গোল করা সার্জিও আগুয়েরো সর্বশেষ আট ম্যাচে অ্যানফিল্ডে গোলহীন থাকলেন।

আরও পড়ুন

×