হামজার সঙ্গে সাফের প্রথম ম্যাচে খেলবেন না ফারহানও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ১৭:৫০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ | ১৭:৫৪
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে পাওয়া যাবে না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে। ফলে ওই দিনই দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান।
জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’
হামজা প্রথম ম্যাচ খেলতে পারবেন না তা আগেই জানা গিয়েছিল। আগামী ৯ নভেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। এই সময়ের পর ক্লাবগুলো বিভিন্ন দেশের ফুটবলারদের ছাড়তে বাধ্য। কিন্তু ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে ৫ নভেম্বর। ফিফা উইন্ডো শুরু হলেই কেবল ছাড়পত্র পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত এ তারকা।
এদিকে, দলের অন্য কয়েকজন প্রবাসী ফুটবলার নির্ধারিত সময়েই যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তার তথ্য অনুযায়ী, রোনান সুলিভান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। শমিত, জায়ান ও ফাহমিদুল আগেই দলের সঙ্গে যোগ দেবেন। মাহি খান ইতোমধ্যে ক্যাম্পে এসেছেন।
সাফের নিয়ম অনুযায়ী, ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ছিল। এরপর চোটে পড়লেও খেলোয়াড় বদলের সুযোগ নেই। বিষয়টিকে কঠিন বলে উল্লেখ করেছেন ডুলি। তার মতে, এই নিয়ম সব দলের জন্যই প্রযোজ্য, তাই পরিস্থিতি মেনেই খেলতে হবে বাংলাদেশকে।
এদিকে বাংলাদেশ দলের জন্য একজন ‘নাম্বার নাইন’ খুঁজছে থমাস ডুলি। তিনি বলেন, ‘সবাই জানে আমরা একজন নাম্বার নাইন খুঁজছি এবং আমাদের হাতে সেটা নেই। একজন সেন্ট্রাল ফরোয়ার্ডের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়। তাকে গোলরক্ষক বা ডিফেন্ডারের সামনে গিয়ে বলের প্রথম স্পর্শটা নেওয়ার সাহস দেখাতে হয়।’ এই ঘাটতি পূরণের লক্ষ্যেই মাহে খান ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে ভালো করা রোনান সুলিভানকে দলে রাখা হয়েছে বলে জানান কোচ।