দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত সাদমান
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১৮:১৫
গোড়ালির চোট নিয়ে ম্যাচ থেকে সকালেই ছিটকে গেছেন সাদমান ইসলাম। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে নামতে হয়েছে বাংলাদেশকে। জাতীয় দলের এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শুক্রবার বিকালে জাতীয় দল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ব্যথা সারিয়ে জাতীয় দলে ফিরতে তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে বিকল্প ওপেনার নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে হতে পারে নাজমুল হোসেন শান্তকে। সেভাবে প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল নির্বাচক প্যানেলও।
সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে স্লাইড ফিল্ডিং করতে গিয়ে ভারসাম্য হারান সাদমান। গোড়ালি মচকে যাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিক শুশ্রূষা শেষে এমআরআই করতে হাসপাতালে নেওয়া হয় টাইগার ওপেনারকে। এমআরআই স্ক্যানে গুরুতর চোট ধরা না পাড়লেও খেলায় ফিরতে সময় লাগবে বলে জানান জাতীয় দলের একজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেডিক্যাল বিভাগ জানায়, স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বাকি সিদ্ধান্ত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন ক্রিকেটাররা। ১০ ও ১১ নভেম্বর ক্রিকেটার ও কোচিং স্টাফরা ভাগ হয়ে দেশটিতে যাবেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে নতুন সদস্য চূড়ান্ত করে শিগগিরই টেস্ট দল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। ১৫ থেকে ১৯ নভেম্বর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম আর ২৩ থেকে ২৭ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই সময়ের ভেতরে সুস্থ হয়ে সাদমানের খেলায় ফেরা কঠিন।
- বিষয় :
- সাদমান ইসলাম
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ