ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলা, বিচার দাবি তিন সংগঠনের

ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলা, বিচার দাবি তিন সংগঠনের
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:৩২

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনকালে ক্রীড়াসাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন। হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্রীড়াসাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বরাবর পাঠানো এক যৌথ প্রতিবাদলিপিতে সংগঠন তিনটি এ দাবি জানায়।

প্রতিবাদলিপিতে বলা হয়, বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ অন্য সাংবাদিকেরা। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের কাজে বাধা দেন। সাংবাদিকেরা পরিচয় ও অ্যাক্রিডিটেশন কার্ড দেখানোর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজিব গুরুতর আহত হন। তার পায়ে আঘাত লাগে এবং কান থেকে রক্তক্ষরণ হয়। একই টেলিভিশনের ক্যামেরাপার্সন কে এম মিজানের কনুই রক্তাক্ত হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীমও শারীরিক লাঞ্ছনার শিকার হন।

আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো আয়োজনে স্টেডিয়ামের সংরক্ষিত ও অনুমোদিত এলাকায় বৈধ অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবাদলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা এবং টুর্নামেন্ট আয়োজনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার তদন্ত করতে হবে। তৃতীয়ত, দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও তাদের নিয়োগকৃত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সহযোগী হিসেবে কাজ করছে বাফুফে। আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার পাশাপাশি সংবাদকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলেছে সংগঠনগুলো।

যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

×