সম্ভাবনার নতুন দিগন্তে ফারহান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১৪:৩৮
স্বপ্ন, সাহস ও সম্ভাবনার এক উজ্জ্বল নাম ফারহান আলী ওয়াহিদ। গত বুধবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যুক্তরাজ্য প্রবাসী এ তরুণ দেখিয়েছেন নিজের দক্ষতা। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসী ও দৃঢ়তার এক প্রতিচ্ছবি ফারহানের করা গোলটি পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছে। আলোর পথে এগিয়ে চলা স্বপ্নবাজ ফারহানের গোলের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। নিজের করা গোলের ভিডিও দেখে মুগ্ধ ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। বাংলাদেশের ফুটবলে সম্ভাবনার নতুন দিগন্তে ফারহান আলী ওয়াহিদ।
আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল ও ইতিবাচক চিন্তাধারাকে সঙ্গী করে নিজের পরিচয় গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছেন ফারহান। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ফুটবলের হাতেখড়ি দেশটির দুই পরিচিত ক্লাব চেলসি ও ফুলহ্যামের একাডেমিতে। শৈশব থেকেই ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ থাকায় চেলসির একাডেমিতে যোগ দেন। ২০১৯ সালে ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নাম লেখান। তাঁর পরিবারের শিকড় বাংলাদেশের সিলেটে। সেই শিকড়ের টানেই লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন এ তরুণ। আন্তর্জাতিক মানের ফুটবলের স্বপ্ন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তাঁর পথচলা।
দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা ও সম্ভাবনার নাম এখন ফারহান। তাঁর প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন এবং বাংলাদেশের ফুটবলকে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যাশা। তাঁর অসাধারণ ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিং সবাইকে মোহিত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ মিনিটে যেভাবে পাঁচ-ছয়জনকে কাটিয়ে সাবলীলভাবে গোল করেছেন, তা এককথায় অনন্য। এমন গোল করার চেষ্টা ফারহানের অবশ্য আগে থেকেই ছিল। ম্যাচের মধ্যবিরতিতে কোচ থমাস ডুলি তাঁকে বলেছিলেন নিজেদের ডি-বক্সে নয়, প্রতিপক্ষের ডি-বক্সে ড্রিবলিং করতে।
গুরুর কথাটিকে বাস্তব রূপান্তর করেছেন ফারহান। তাই উচ্ছ্বাসটা একটু বেশিই এ তারকার। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে ফারহান বলেন, ‘বল নিয়ে যখন ওই জায়গায় পৌঁছালাম, তখন মনে হচ্ছিল এটাই আমার খেলার জায়গা। বক্সের মধ্যে প্রতিপক্ষ আমাকে স্পর্শ করলে পেনাল্টি হতে পারে। তাই মাথায় একটাই চিন্তা ছিল, প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে শট নেওয়া। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ঘরের মাঠে অভিষেকেই প্রথম গোল পেয়ে সত্যিই আনন্দিত।’
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন ফারহান। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন অভিষেক গোল। জাতীয় দলের জার্সিতে টানা দুই ম্যাচে গোল পাওয়া এ ফরোয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের স্কোরিং সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস ফুটবলসংশ্লিষ্টদের। বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলা এবং স্বাগতিক দর্শকের সামনে গোল পাওয়ার অনুভূতিটা ফারহানের কাছে অন্যরকম, ‘সমর্থকরা অসাধারণ। স্টেডিয়ামের পরিবেশ, সবকিছুই আমাকে সাহায্য করেছে। তাদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায়। নিজের খেলাটা খেলতে এই সমর্থন অনেক কাজে লাগে। এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে পাকিস্তানকে সমীহ করছেন ফারহান। পাশাপাশি মাঠে এসে তাদের সমর্থন দিতে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফুটবলের সম্ভাবনাময় এ তারকা, ‘পাকিস্তান শক্তিশালী দল। তাদের কোনোভাবেই খাটো করে দেখা উচিত হবে না। তবে আমরাও শক্তিশালী দল। আশা করি, দারুণ একটি লড়াই হবে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা হবে।’
- বিষয় :
- ফারহান আলী ওয়াহিদ