টেম্পারিং কাণ্ডে চার ম্যাচ নিষিদ্ধ পুরান
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৫:৪৬
বল টেম্পারিং করায় চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গত সোমবার ওই সিরিজের শেষ ম্যাচে তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চারটি টি-২০ ম্যাচ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিসমিল্লাহ শেনওয়ারি ও আহমেদ দুরানি। থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন আহমেদ পাকতিন এবং ফোর্থ আম্পায়ার ছিলেন ইজাতুল্লাহ সফি।
আইসিসির ২.১৪ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃত বলের অবস্থার পরিবর্তন ঘটান, তাহলে লেভেল থ্রি অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে। পুরান লেভেল থ্রির কোড ভেঙেছেন। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে দায়ও স্বীকার করেছেন তিনি। মেনে নিয়েছেন সাজা। সেজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
নিজের ভুল স্বীকার করে পুরান বলেন, 'আমি দুঃখিত। আমার সমর্থক, সতীর্থ আর আফগানিস্তানের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমার কাজটা করা মোটেও ঠিক হয়নি। এ জন্য আমি অনুতপ্ত। আমি আইসিসির দেওয়া শাস্তি মেনে নিচ্ছি। আশা করি, নিষেধাজ্ঞা কাটিয়ে আরও ভালোভাবে ফিরতে পারব।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ওয়েস্ট ইন্ডিজ
- নিকোলাস পুরান
