ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

'নেতৃত্ব ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনবে না'

'নেতৃত্ব ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনবে না'
×

ছবি: এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৬:৩৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:০৪

টেস্টের নিয়মিত মুখ মুমিনুল হক। যেহেতু জাতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-২০ নিয়মিত খেলেন না, মুমিনুল তাই টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখেন সব সময়। টেস্টে ম্যাচের সঙ্গে রানের গড় কিংবা সেঞ্চুরির হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। সেই হিসেবেই সাকিবের নিষেধাজ্ঞার কারণে টেস্ট নেতৃত্ব পড়েছে মুমিনুলের কাঁধে। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্টের দায়িত্ব তার কাঁধে।

অধিনায়কত্ব ক্রিকেটার হিসেবে তাকে আরও দায়িত্ব নিতে শেখাবে। ক্রিকেটীয় জ্ঞান বাড়াবে বলে মনে করেন মুমিনুল। তবে টেস্ট হলেও শট খেলতে পছন্দ করা মুমিনুল তার খেলার ধরণে কোন পরিবর্তন আনবেন না।

বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক বলেন, 'আমার মনে হয় না, নেতৃত্ব পাওয়ায় আমার ব্যাটিংয়ের ধরণে বিশেষ কোন পরিবর্তন আসবে। ক্যারিয়ারের শুরুতে আমি যেভাবে ব্যাটিং করেছি অধিনায়ক হওয়ার পরও আমি একইভাবে ব্যাটিং করবো। অধিনায়ক হওয়ায় এটা আমাকে আরও বেশি দায়িত্ব নিতে সহায়তা করবে। আমার ক্রিকেট জ্ঞান বাড়াবে। আমার দক্ষতা প্রমাণের এটা একটা ভালো সুযোগ।'

ভারতের মাটিতে টেস্টের সেরা দলের বিপক্ষে নেতৃত্ব দিতে হবে মুমিনুলের। দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া খেলতে হবে। এটা কঠিন বলে জানান মুমিনুল। তবে তিনি এবং তার দল ওই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান মুমিনুল, 'এটা দলের জন্য যেমন চ্যালেঞ্জ তেমনি এগিয়ে আসারও সুযোগ।'

প্রথমবার গোলাপি বলের টেস্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা ঢাকায় থাকতে গোলাপি বলে অনুশীলন করেছি। তবে ভারতে এসে আমরা গোলাপি বলে অনুশীলন করিনি। প্রথম টেস্টের পরে গোলাপি বলে অনুশীলনের সময় পাওয়া যাবে। এর মাঝে আমরা এই বলে অনুশীলন করবো। গোলাপি বল নিয়ে আমার ভালো অভিজ্ঞতা নেই। সুইং-মুভমেন্ট নিয়ে আমার তাই বিশেষ ধারণা নেই। তবে আমি মনে করি, এটা খুব বড় কোন সমস্যা হবে না।'

আরও পড়ুন

×