ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চাকরি বাঁচাতে জিদানের হাতে দুই ম্যাচ!

চাকরি বাঁচাতে জিদানের হাতে দুই ম্যাচ!
×

রিয়াল কোচ জিদান। ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০ | ০৩:০৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০ | ০৩:২১

ফ্রান্স কোচ জিনেদিন জিদানের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। সর্বশেষ মৌসুমে লিগ জয়ী রিয়াল এ মৌসুমে ফেবারিট হিসেবে শুরু করেছিল। কিন্তু মাঠে তার প্রতিফলন নেই। বরং দলের ইনজুরি, সমন্বয়সহ নানান কারণে মাঠে বাজে পারফরম্যান্স দেখা যাচ্ছে লস ব্লাঙ্কোসদের।

রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো, গত মৌসুমে ‘ঘোষণা’ দিয়ে লা লিগা জেতা কোচ জিদানের তাই চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে। স্প্যানিশ এক সংবাদ মাধ্যমের মতে, চাকরি বাঁচাতে রিয়াল কোচ জিদানের হাতে আছে মাত্র দুই ম্যাচ।

রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ঘরের মাঠে লিগে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা ক্যাডিজের বিপক্ষে ১-০ গোলে হেরেছে। ঘরের মাঠেই ৩-২ গোলে হেরেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কর বিপক্ষে। প্রথমার্ধেই তিন গোল খায় রিয়াল। জিদানের সামনে এখন অপেক্ষা করছে বড় দুই ম্যাচ।

একটি শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। অন্যটি বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে জিদানের দল পা হড়কালে ছাঁটাই হয়ে যেতে পারেন জিদান।

মৌসুমের শুরু থেকেই জিদান অবশ্য হাতে তার সেরা দলটা পাচ্ছেন না। এখনও ইনজুরির কারণে মাঠে দেখা যায়নি ১০০ মিলিয়েনের এডেন হ্যাজার্ডকে। দানি কারভাহাল, সের্গিও রামোস ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন।

ওদিকে জিদান শুরুর একাদশে করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুস, লুকা মডরিচ, কাসেমিরোদের রাখছেন না। বরং মার্সেলো, মার্টিন ওডেগার্ড, লুকা জোভিক, রদ্রিগো গোয়েসরা জায়গা পাচ্ছেন শুরুর একাদশে। মাঠে রিয়াল তারই খেসারত দিচ্ছে। লস ব্লাঙ্কোস কোচ অবশ্য বলেছেন, তিনি আশাবাদী রিয়ালের এই সংকটের সমাধান দিতে পারবেন। সেই সমাধানটা সামনের দুই ম্যাচেই দেখাতে হবে জিজুর।

আরও পড়ুন

×