কুতিনহোকে ফিট বানিয়েছে বায়ার্ন
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো। ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০ | ০৫:৪১
লিভারপুলে থাকতে দুর্দান্ত ফর্মে ছিলেন ফিলিপে কুতিনহো। ওই ফর্মের খানিকটা বার্সেলোনায় প্রথম মৌসুমে দেখাতেও পেরেছিলেন ব্রাজিল মিডফিল্ডার। কিন্তু পরের মৌসুমে এরনেস্তো ভালভার্দের অধীনে খেই হারান সাবেক অল রেডস তারকা। কুতিনহোকে তাই ধারে বায়ার্নের কাছে ছেড়ে দেয় কাতালানরা।
বায়ার্ন মিউনিখে ফিরে কুতিনহো আবার নিজের সেরা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বাভারিয়ানদের হয়ে ট্রেবল জিতে ফেরা কুতিনহো আবার বার্সা শিবিরে ফিরে ভালো ছন্দে আছেন। তার এই ফর্মে ফেরার পেছনে বায়ার্ন মিউনিখের অবদান দেখছেন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে।
তিনি মনে করেন, বায়ার্ন মিউনিখে গিয়ে শারীরিকভাবে আরও শক্তিশালী হয়েছেন কুতিনহো। ফিট হয়েছেন। তার শরীরে ওজন বেড়েছে পাঁচ কেজি। এর মধ্যে চার কেজিই শরীরের মাসেল বৃদ্ধি করেছে। তিতে এ নিয়ে বলেছেন, ‘কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। কুতিনহোকে মাঠে শারীরিকভাবে অনেক বেশি সম্পৃক্ত থাকতে হয়।
বায়ার্ন মিউনিখ থেকে ফেরার পরে বার্সায় তার শারীরিক লড়াইটা আরও বেড়েছে। কুতিনহোর পাঁচ কেজি ওজর বেড়েছে। এর মধ্যে চার কেজিই শরীরের মাসেল সমৃদ্ধ করেছে। শারীরিকভাবে কুতিনহো তাই অনেক উন্নতি করেছে।’ কুতিনহো বার্সেলোনা এবং ব্রাজিলের হয়ে তার প্রমাণ দিচ্ছেন। খেলছেন সেন্ট্রাল মিডফিল্ডে। বার্সায় এবং ব্রাজিলে গোল করে এবং গোলে সহায়তা দিয়ে রাখছেন অবদান।
- বিষয় :
- কুতিনহো
- বার্সেলোনা
- খেলা
- ফুটবল