ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বঙ্গবন্ধু কাপ: যেমন হতে পারে দলগুলোর একাদশ

বঙ্গবন্ধু কাপ: যেমন হতে পারে দলগুলোর একাদশ
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৮:০৬

পাঁচ দল নিয়ে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। কাগজে-কলমে ঘরোয়া এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। আর অনভিজ্ঞ দল ফরচুন বরিশাল। এছাড়া টি-২০'র জন্য মানানসই দল গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তরুণ এবং অভিজ্ঞের মিশেলে ভালো দল ঢাকার হাতেও।

আগামীকাল প্রথম ম্যাচে বেক্সিমতো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী মুখোমুখি হবে প্রথম ম্যাচে। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনা পরীক্ষা নেবে ফরচুন বরিশালের। কোন দল কেমন একাদশ সাজাতে পারে দেখে নেওয়া যাক।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: দলটার সাফল্য অনেকটাই নির্ভর করবে নাজমুল শান্ত, মাহেদি হাসানের ব্যাটিংয়ের ওপর। সাইফউদ্দিনকে ব্যাটে-বলে দিতে হবে সেরাটা। পেস আক্রমণের নেতৃত্ব এবাদত হোসেনকেই দিতে হবে। এছাড়া মোহাম্মদ আশরাফুল-আরাফাত সানিরা ফুরিয়ে যাননি সেটা প্রমাণের সুযোগ পেয়েছেন তারা।

সম্ভাব্য একাদশ: নাজমুল শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, মাহেদি হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, ফরহাদ রেজা, আরাফাত সানি, সানজামুল ইসলাম, এবাদত হোসেন।

বেক্সিমকো ঢাকা: সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার নাঈম শেখ আছেন ঢাকার দলে। ঘরোয়া ক্রিকেটে প্রমাণিত তিনি। তার সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শোভা ছড়ানো তানজিদ তামিমকে যোগ্যতা দেখাতে হবে। মিডল অর্ডারে মিস্টার ডিপেন্ডেবল মুশফিক আছেন। আছেন ইয়াসির-সাব্বিরের মতো ম্যাচ ঘুরিয়ে দিতে পারা ক্রিকেটার। পেস আক্রমণে রুবেল হোসেন এবং স্পিনে নাঈম হাসান হতে পারে ঢাকার ম্যাচ উইনার।

সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী, সাব্বির রহমান, আকবর আলী, সাহাদাত হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মেহেদি হাসান রানা।

জেমকন খুলনা: দু'জন আইকন ক্রিকেটার পেয়ে গেছে খুলনা। প্রথমে সাকিব আল হাসানকে। পরে মাহমুদুল্লাহ রিয়াদকে। এছাড়া আনামুল হক-ইমরুল কায়েসের মতো অভিজ্ঞরা আছেন টপ অব অর্ডারে। বোলিং আক্রমণে ঘরোয়া ক্রিকেটের সফলতম আল আমিন এবং শফিউল ইসলাম আছেন। হাসান মাহমুদ বাড়তি পাওয়া। সাকিবের সঙ্গে স্পিনে আবার বিষ ঢালবেন নাজমুল অপু।

সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, আনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামিম হোসেন, শফিউল ইসলাম, নাজমুল অপু, হাসান মাহমুদ, আল আমিন হোসেন।

ফরচুন বরিশাল: ভালো করতে হলে ভাগ্যের ওপর নির্ভর করতে হবে ফরচুন বরিশালের। তবে তাদের দলে ম্যাচ ঘুরিয়ে দিতে তামিম, আফিফ, ইরফান শুক্কুর এবং মেহেদি মিরাজ-তাসকিন আহমেদরা। জাতীয় দলের নেতৃত্ব পাওয়া তামিমকে ঘরোয়া এই টুর্নামেন্টে সামলাতে হবে দলের অনেক কিছু।

সম্ভাব্য দল: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, সাইফ হাসান, ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মেহেদি মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ।

গাজী গ্রুপ চট্টগ্রাম: টপ, মিডল এবং বোলিং অর্ডারে খামতি নেই গাজী গ্রুপ চট্টগ্রামের। তারা সেরা ফর্মে থাকলে অন্য দলগুলোকে স্রেফ ছিটকে দেবে। আবার ফর্মহীনতা মানে বড় বিপর্যয়। সৌম্য-লিটন, মিঠুন-মোসাদ্দেক, তাইজুল-রাকিবুল, মুস্তাফিজ-শরিফুলদের ভয় না পেয়ে উপায় নেই।

সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক, শামসুর রহমান, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

আরও পড়ুন

×