ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জিদানের আরেক 'ফাইনাল পরীক্ষা'

জিদানের আরেক 'ফাইনাল পরীক্ষা'
×

জিনেদিন জিদান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৭:১৭

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কম ফাইনাল দেখেননি জিনেদিন জিদান। বেশিরভাগ সময়ই জয়টা তার ভাগে গেছে। এবার আরেকটা পরীক্ষার পালা। প্রিয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যাওয়ার মিশনে বুধবার লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। ম্যাচটি তাদের জন্য অনেকটা ডু অর ডাই। জিতলে টিকে থাকবে আশা, আর হারলে নেওয়া লাগতে পারে বিদায়। যদিও দুইয়ে থাকা শাখতারের পয়েন্টও রিয়ালের সমান ৭। তাতে শাখতারও যদি হেরে যায় আর রিয়ালও হারে তাহলে গোল ব্যবধানের হিসাবে ঠিক করা হবে দুই নম্বর আসনটা কার। রিয়ালের জন্য কোনো রকম হিসাব ছাড়াই শেষ ষোলোতে যাওয়ার পথ আজকের ম্যাচটা জেতা।

জয়টা কেবল রিয়ালের জন্য নয়, জিদানের জন্য মহাগুরুত্বপূর্ণ। একটা গুঞ্জন রয়েছে যে, শেষ ষোলোতে রিয়াল না উঠতে পারলে চাকরি হারাতে পারেন ফরাসি কোচ। সেইসঙ্গে লম্বা সময় পর স্প্যানিশ লিগের অন্যতম ফেভারিটদের ছাড়াই হবে নকআউট পর্ব। সর্বশেষ ১৯৯৬-৯৭ মৌসুমে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নাম লেখাতে পারেনি। নিশ্চয়ই এবার তেমন কিছু চাইবেন না জিদান।

এরই মধ্যে সেভাবেই প্রস্তুতি নিয়েছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে ফিরেছেন দলনেতা সার্জিও রামোস। আক্রমণভাগে দেখা মিলতে পারে মার্কো অ্যাসেনসিওকে। তবে এডেন হ্যাজার্ড আর কারভাহালের জন্য আফসোস হতেই পারে রিয়ালের। চোটের কারণে তারা থাকছেন না গুরুত্বপূর্ণ এই ম্যাচে। তার ওপর অতীত পরিসংখ্যানও ভালো নয়। মনশেনগ্লাডবাখের সঙ্গে সর্বশেষ দেখায় জেতা হয়নি রিয়ালের। আর লিগে শেষ ম্যাচটায়ও সংগ্রাম করতে হয়েছে তাদের। তবু জয় ছাড়া কিছুই ভাবছে না রিয়াল।

গ্লাডবাখকে রুখতে হলে রিয়ালের দরকার ঝড়ো আক্রমণ। ঘরের মাঠে হয়তো সেই আশায় আছেন বার্নাব্যুর ক্লাবটি। গত মৌসুমে বল পায়ে দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা এবার সেভাবে আলো ছড়াতে পারছেন না। বুধবার দলের প্রয়োজনে তার ঝলক বদলে দিতে পারে রিয়ালের ভাগ্য। সেইসঙ্গে তরুণ ভিনিসিয়ুস জুনিয়রকেও নিজের সেরাটা দিতে হবে। তাতে যদি মেলে কাঙ্ক্ষিত শেষ ষোলোর টিকিট।

আরও পড়ুন

×