আর্থার-থিরিমান্নের করোনা, ক্যারিবীয় যাত্রায় ধাক্কা
ছবি: ক্রিকটেকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০০:০৬
করোনা নিয়ে শুরু থেকেই সতর্ক ছিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড। জীবনঘাতী এই ভাইরাসের জন্য তারা স্থগিত করেছে বেশ কটা সিরিজ। বিদেশি দলগুলোর ওপর চাপিয়েছে কড়া আইসোলেশনের শর্ত। তারপরও রক্ষা হলো না লঙ্কান ক্রিকেট দলের।
করোনাকালে দুটি সফর করতেই করোনা ঢুকে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলে। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। দুই হতাশার সিরিজ ভুলতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দিকে তাকিয়ে ছিল লঙ্কানরা।
ওই সফরকে সামনে রেখেই প্রস্তুতি চলছিল শ্রীলঙ্কা টিমের। গত ২৮ জানুয়ারি থেকে কলম্বোতে তিনটি গ্রুপে ভাগ হয়ে শুরু হয় সেই অনুশীলন। এতদিন সব হাসিমুখে চললেও এবার নেমে এলো আঁধার। কেননা লঙ্কান দলের কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের করোনা ধরা পড়েছে।
২০ ফেব্রুয়ারি ক্যারিবীয় যাত্রা হবে কিনা সেটা এখন তাই অনিশ্চিত। করোনার কারণে গত বছর এই শ্রীলঙ্কা থেকেই সিরিজ ফেলে চলে যায় ইংল্যান্ড। পরে যদিও সেটি দ্বিতীয় দফায় গিয়ে শেষ করে ইংলিশরা।
এবার সেই লঙ্কাকে ভোগাচ্ছে কভিড। বুধবার এক টুইটবার্তায় থিরিমান্নে অবশ্য সাহস দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটপ্রেমীদের। 'আমি করোনা পজিটিভ হলাম, তবে উপসর্গ একবারে শূন্য। আমি কোথা থেকে আক্রান্ত হলাম সেটা জানি না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে অন্যদের এই মহামারির হাত থেকে রক্ষা করা যায়।' এ দিকে দুইজন করোনা পজিটিভ হওয়ার পর শ্রীলঙ্কাও নড়েচড়ে বসেছে। আগের মতো আর স্বাভাবিক অনুশীলন ক্যাম্প চলবে না।
