প্রোটিয়াদের কোচ হলেন বাউচার
ছবি: ইএসপিএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৯
চার বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মার্ক বাউচারকে। প্রোটিয়াদের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এনোক এনকিউ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব নিয়ে গ্রায়েম স্মিথ এই সিদ্ধান্ত নিয়েছেন।
মার্ক বাউচারকে দায়িত্ব দিয়ে স্মিথ বলেন, ‘আমি বোর্ডে বাউচারকে এনেছি কারণ তিনি দক্ষিণ আফ্রিকার তরুণ এবং অনভিজ্ঞ দলকে প্রতিযোগীতার জন্য প্রস্তুত করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে। হাতে-কলমের সেই অভিজ্ঞতা দিয়ে তিনি কিভাবে দক্ষিণ আফ্রিকাকে আবার টেস্ট ক্রিকেটে ভালো করানো যায় সেই কাজ করবেন।’
স্মিথ বলেন, ‘এনকিউয়ের ওপর আমার আস্থা আছে। একজন ভালো আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য তার পথটা আমরা সুগম রাখতে চাই। এছাড়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্টকে নির্ভার রাখতে চাই। দলের টেকিনিক্যাল স্টাফ হিসেবে তাই ভলবো মাসুবেলেকেই দায়িত্বে রাখছি আমি। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে জাস্টিন অংটনকে।’
এছাড়া দ্রুতই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের একজন ব্যাটিং এবং বোলিং পরামর্শক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। ব্যাটিং পরামর্শক হিসেবে জ্যাক ক্যালিসের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ফুটবলের মতো কোচিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কোচ দলের অধিনায়ক নির্বাচক করবেন। দল নির্বাচন করবেন। আর টিম ম্যানেজার দলের সামগ্রিক খবর পরিচালককে দেবেন। বোর্ড পরিচালক স্মিথ অবশ্য দীর্ঘমেয়াদি দায়িত্ব নেননি। মাত্র তিন মাসের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। আইপিএলের ধারাভাষ্য শেষ করে নতুন করে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন তিনি।
স্মিথ জানান, নতুন কোচিং প্যানেল এবং বোর্ড পরিচালক হিসেবে তার প্রথম চিন্তা টেস্টে ভালো করার দিকে। কারণ টেস্টে দল খারাপ করছে। আর দলের কোচ হয়ে বাউচারের প্রথম পরীক্ষা ইংল্যান্ড। আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে চার ম্যাচের টেস্টের প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা। এরপর তিনটি করে ওয়ানডে এবং টি-২০ আছে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- দক্ষিণ আফ্রিকা
- বাউচার কোচ
