একই ইভেন্টে স্বর্ণ জিতলেন দুই অ্যাথলেট
হাইজাম্পে স্বর্ণ ভাগাভাগি করেছেন তাম্বেরি ও মুতাজ এসা বারশিম। ছবি- গেটিইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২১ | ০৩:০২
টোকিও অলিম্পিকের একই ইভেন্টে স্বর্ণ জিতলেন দুই অ্যাথলেট। অলিম্পিকের হাইজাম্পের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে স্বর্ণ ভাগাভাগি করেছেন ইতালির জিয়ানমারকো তাম্বেরি ও কাতারের মুতাজ এসা বারশিম।
দুই অ্যাথলেটই ২.৩৭ মিটার জাম্প দেন। তাতে দুজনই সোনা জেতেন। এই ইভেন্টে কেউ রুপা পায়নি। ব্রোঞ্জ জেতা বেলারুশের প্রতিযোগী মাকসিম নেদাসেকাউও একই উচ্চতায় লাফ দেন। কিন্তু তিনি তাম্বেরি ও বারশিমের চেয়ে বেশি চেষ্টা করেছেন বলে তৃতীয় হন।
কোনো বাধা ছাড়াই ২.৩৭ মিটার জাম্প দিতে সফল হন তাম্বেরি ও বারশিম। শেষে ২.৩৯ মিটারে জাম্প দিতে ব্যর্থ হন দুজনই। সেই কারণেই তাদের একসঙ্গে স্বর্ণপদক দেওয়া হলো।
এদিকে, অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন স্টার্কের। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পঞ্চম স্থানে এসেই থামতে হয় তাকে। তিনি ২.৩৫ মিটার জাম্প দেন।
- বিষয় :
- টোকিও অলিম্পিক
- মিচেল স্টার্ক
- ইতালি
- কাতার
