ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হারের বৃত্তেই থাকল রেঞ্জার্স

হারের বৃত্তেই থাকল রেঞ্জার্স
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৫

চট্টগ্রাম পর্বের শুরু থেকেই বঙ্গবন্ধু বিপিএলে রান বন্যা দেখা যাচ্ছে। সঙ্গে দারুণ লড়াইও। মঙ্গলবার প্রথম ম্যাচে রান তাড়া করে রাজশাহীর বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের ১৮১ রান তাড়া করে ৬ উইকেটের বড় জয় তুলে নিল কুমিল্লা ওয়ারিয়র্স।

প্রথমে ব্যাট করে রংপুর তাদের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদের ব্যাটে ভর করে বড় রানের পথ রচনা করে ফেলে। শাহজাদ ২৭ বলে সাতটি চার ও চারটি ছক্কায় খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। অন্য দিকে টম অ্যাবেল, মোহাম্মদ নবীদের ছোট ছোট ইনিংসে ভর করে বড় রান তোলে রংপুর। আবেল করেন ২৫ রান। নবীর ব্যাট থেকে ২৬ রান আসে।

জবাব দিতে নেমে কুমিল্লার দুই ওপেনার ভানুকা রাজাপাকশে এবং সৌম্য সরকার দুর্দান্ত শুরু করেন। রাজাপাকশে খেলেন ১৫ বলে ৩২ রানের দারুণ এক ইনিংস। তার সঙ্গে থাকা সৌম্য ফিরে যান ৩৪ বলে ৪১ রান করে। সৌম্য পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন। তিনি ফিরে গেলে তিনে নামা সাব্বির খেলেন ৪০ বলে ৪৯ রানের ইনিংস। দুটি ছক্কার সঙ্গে তিনটি চারের মার মারেন তিনি। পরে ডেভিড ম্যালান ২৪ বলে ৪২ রানের ঝড় দেখিয়ে জয় তুলে নেন।

রংপুরের হয়ে মুস্তাফিজ কিংবা লেইস গ্রেগরিরা বল হাতে সুবিধা করতে পারেননি। গ্রেগরি ৪ ওভারে ৫৫ রান হজম করেন। মোহাম্মদ নবী ও মুকিদুল ইসলাম ভালো বোলিং করলেও একটির বেশি উইকেট নিতে পারেননি। তার আগে কুমিল্লার আল আমিন হোসেন, আবু হায়দার এবং সানজামুল ইমলামরা খরুচে বোলিং করেন। এ নিয়ে গ্রুপ পর্বের শুরুর তিন ম্যাচেই হারল রংপুর। তাদের মতো হারের বৃত্তে আছে সিলেট থান্ডার্স। তারা চার ম্যাচেই হেরেছে।

আরও পড়ুন

×