রোহিত-রাহুলে চারশ' ছোঁয়া রান ভারতের
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গোল্ডেন ডাক মেরেছেন। কিন্তু কোহলির গোল্ডেন ডাক ছাড়িয়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএ রাহুলের জোড়া সেঞ্চুরি হয়েছে শিরোনাম। পরে শ্রেয়াস আয়ারের ঝড়ো ফিফটি এবং ঋষভ পান্তের ছোট্ট এক ঝড়ে রান পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৭ রান।
বুধবার বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কিয়েরন পোলার্ডের সিদ্ধান্ত খারাপ ছিল না। কারণ দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে বড় প্রভাব ফেলছে। কিন্তু বোলিংয়ে দিনটা ওয়েস্ট ইন্ডিজের ছিল না। বরং রোহিত এবং রাহুলের ছিল। কেএল রাহুল এবং রোহিত শর্মা গড়েন ২২৭ রানের দুর্দান্ত এক জুটি। ভারতের হয়ে ওপেনিং জুটিতে ষষ্ঠ ডাবল সেঞ্চুরির রেকর্ড।
সেঞ্চুরি তুলে নেন দু'জনই। শেখর ধাওয়ানের জায়গায় ওয়ানডে ওপেনিংয়ে জায়গা পাওয়া রাহুল ১০৪ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কার সঙ্গে আটটি চারের মার বের হয়। অন্য প্রান্তে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা ডাবল সেঞ্চুরির গতিতে ছুটছিলেন। শেষ পর্যন্ত তিনি ১৩৮ বলে ১৫৯ রান করে ফেরেন। রোহিত পাঁচটি ছক্কা এবং ১৭টি চার মারেন।
মধ্যে ভারতীয় অধিনায়ক ডাক মারলেও রানের চাকা থামেনি ভারতের। চারে নেমে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আয়ার খেলেন ৩২ বল চারটি ছক্কা ও তিনটি চারে ৫৩ রানের ইনিংস। এর মধ্যে ইনিংসের ৪৭তম ওভারে ৩১ রান তুলে নেন আয়ার। চারটি ছক্কার সঙ্গে একটি চার মারেন ওই ওভারেই। ঋষভ পান্ত ১৬ বলে করেন ৩৯ রান। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও তিনটি চারের শট বের হয়। শেষে কেদার যাদব ১০ বলে ১৬ রান করেন। বল হাতে উইন্ডিজ পেসার শেলডম কটরেল ২ উইকেট নেন। নিয়ন্ত্রিত বোলিং করেন কেবল জেসন হোল্ডার। ৯ ওভারে ৪৫ রান দেন তিনি।
