মুশফিকে চোখ নাইট রাইডার্সের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৫২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৭
বঙ্গবন্ধু বিপিএলে আজ মাঠের খেলা নেই। তবুও বিশেষ দৃষ্টি থাকবে মুশফিকুর রহিমের দিকে। কলকাতায় বৃহস্পতিবার ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল চারটায় দিকে শুরু হবে এই নিলাম। সেখানেই নাম উঠতে যাচ্ছে মুশফিকের। নিলামে আরও চার বাংলাদেশী থাকলেও সার্বিক বিবেচনায় এগিয়ে মুশফিকই।
এবারের আসরে আটটি ফ্র্যাঞ্চাইজির শূন্য পদের সংখ্যা ৭৩টি। এর মধ্যে বিদেশিদের জন্য ফাঁকা ২৯টি জায়গা। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে নির্দিষ্ট সংখ্যার বাইরেও খেলোয়াড় কিনতে পারবে। মুশফিকের সম্ভাবনা তাই বেড়ে যাচ্ছে। এবারের নিলামে নাম উঠেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমানের। মাহমুদুল্লাহ ও মুস্তাফিজকে নিয়ে মোট পাঁচজনের সামনে আইপিএলে দল পাওয়ার সুযোগ।
তবে পারফরম্যান্স বিচারে দল পাওয়ার লড়াইয়ে এগিয়ে মুশফিক। ভারতের মাটিতে বাংলাদেশের টি২০ জয়ের ম্যাচে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান; এরপর দুই টেস্টের সিরিজে দুটি ফিফটিসহ করেন ১৮১ রান। চলমান বিপিএলে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে খেলেন ৫১ বলে ৯৬ রানের ইনিংস।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মুশফিকের নাম আইপিএল নিলাম তালিকায় অন্তর্ভুক্তির পেছনে আছে কলকাতা নাইট রাইডার্সের আগ্রহ। দলটি সাত স্থানীয় ও চার বিদেশিকে দলে ভেড়াবে, যার মধ্যে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান দরকার। নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহও। সাব্বির ও সাইফউদ্দিন আছেন ৫০ লাখ রুপির তালিকায়। সবচেয়ে বেশি এক কোটি রুপি ক্যাটাগরিতে নাম মুস্তাফিজের।
