ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

জাপানি মিনামিনো এখন লিভারপুলের

জাপানি মিনামিনো এখন লিভারপুলের
×

ছবি: মেইল অনলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৬

স্বপ্ন ছিল লিভারপুলের হয়ে খেলার। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দুই লেগে লিভারপুলের বিপক্ষেই দারুণ ফুটবল উপহার দেন টাকুমি মিনামিনো। জাপানি এই তারকার দিকে চোখ পড়ে যায় লিভারপুল বস জার্গেন ক্লপের। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাল্লা দিয়ে রেড বুল সলসবুর্গ থেকে ৭.২৫ মিলিয়ন পাউন্ডে তাকে কিনে নিল অল রেডসরা।

শীতকালীন দলবদলের মৌসুমে মিনামিনোই প্রথম অল রেডসদের দলে যোগ হচ্ছেন। মিনামিনো ১৮ নম্বর জার্সি পরে লিভারপুলের হয়ে খেলবেন। তবে এখনই অ্যানফিল্ডে আসা হচ্ছে না তার। জানুয়ারির শীতকালীন দলবদল শুরু হলেই আসতে পারবেন লিভারপুলে। এরপরই ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের অল রেডসদের শুরুর একাদশে জায়গা পাওয়ার লড়াই শুরু হবে।

লিভারপুলে যোগ দিতে পেরে খুশি মিনামিনো বলেন, 'আমার প্রাথমিক লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগে খেলা। আমার মতে, এটাই বিশ্বের সেরা ফুটবল লিগ। আমার আত্মবিশ্বাস ছিল, যদি ক্যারিয়ারের সবকিছু ঠিকঠাক চলে তবে একদিন প্রিমিয়ার লিগে খেলতে পারবো।' প্রিমিয়ার লিগের মধ্যে আবার লিভারপুলের হয়ে খেলা মিনামিনোর স্বপ্ন ছিল বলে উল্লেখ করেন তিনি।

জাপানি এই মিডফিল্ডার বলেন, 'এটা ছিল একটা স্বপ্ন। সবসময়ই স্বপ্ন দেখতাম লিভারপুলের হয়ে খেলবো। সেই স্বপ্ন সত্যি হলো।' তিনি আরও বলেন, 'স্বপ্ন থাকলেও কখনো লিভারপুলে খেলতে পারবো ভাবিনি। এখানে আসতে পারছি ভেবে খুবই খুশি আমি। এখন লিভারপুলের জার্সি পরে খেলতে মুখিয়ে আছি।'

লিভারপুল চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে। লিগে শীর্ষে আছে। চলতি মৌসুমের লিগ শিরোপা তাদেরই হাতে দেখছেন অনেকে। মিনামিনো স্বপ্ন দেখেন ইংলিশ দলটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার, 'ভেবে ভালো লাগছে যে, তারা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। লিভারপুলে এসে আমার লক্ষ্য লিগ শিরোপা জেতা এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা উচিয়ে ধরা।'

আরও পড়ুন

×