খুলনার সামনে অল্প রানের চ্যালেঞ্জ
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০৪:০২
বঙ্গবন্ধু বিপিএলের সবচেয়ে অভাগা দুই দল রংপুর রেঞ্জার্স এবং সিলেট থান্ডার্স। এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি এই দুই দল। শুক্রবার দারুণ ছন্দে থাকা খুলনার বিপক্ষে জয় খরা মেটানোর লক্ষ্যে নামে রংপুর। কিন্তু প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৭ রান তুলে থেমেছে তারা। চট্টগ্রামের উইকেটে জয় পাওয়ার মতো রান রংপুর পায়নি। তবে শীতের আবহাওয়ায় এই রানও চ্যালেঞ্জিং হতে পারে খুলনার জন্য।
রংপুর রেঞ্জার্সের হয়ে তরুণ বাংলাদেশ ওপেনার নাঈম শেখ ভালো ব্যাটিং করছেন। এ ম্যাচে তিনি খেলেন ৩২ বলে ৪৯ রানের ইনিংস। কিন্তু তরুণ এই ব্যাটসম্যান খেললেও দলের সিনিয়ররা আছেন রান খরায়। মোহাম্মদ শাহজাদ সর্বশেষ ম্যাচে ঝড় দেখালেও এ ম্যাচে আবার ব্যর্থ। রান পাননি ক্যামেরূন দেলপোর্ট কিংবা নাদিফ চৌধুরীর মতো দেশি-বিদেশি সিনিয়ররা।
ব্যর্থ হন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবিও। তবে জাতীয় দলে এসেই আবার হারিয়ে যাওয়া ফজলে মাহমুদ খেলেন ৪২ রানের ইনিংস। শেষ দিকে জর্জ গ্রেগরি ২২ রান করলে বোলাররা অন্তত লড়াই করার মতো একটা পুঁজি পেয়ে যায়। হাড় ঠান্ডা করা শীতে এই পুঁজি নিয়েই হয়তো মুস্তাফিজ-তাসকিনরা দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার স্বপ্ন দেখছেন। উইকেট ও কন্ডিশন দেখাচ্ছে আশা।
খুলনার হয়ে মোহাম্মদ আমির এবং শাফিউল ইসলাম দারুণ বোলিং করেছেন। পাকিস্তান পেসার আমির তার ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশ পেসার শাফিউল ইসলাম ৪ ওভারে খরচা করেছেন ২১ রান। নিয়েছেন ৩ উইকেট। এছাড়া তরুণ পেসার শহিদুল ইসলাম ৩ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। সদ্য ২০ বছরে পা দেওয়া বাঁ-হাতি স্পিনার রবিউল ইসলাম ৪ ওভারে ২৫ রান দেন। তবে উইকেট পাননি তিনি।
- বিষয় :
- খেলা
- বঙ্গবন্ধু বিপিএল-২০১৯
- রংপুর-খুলনা
