ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এভারটনের কোচ হলেন আনচেলত্তি

এভারটনের কোচ হলেন আনচেলত্তি
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৩

রেগিও এবং পারমার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন কার্লো আনচেলত্তি। এরপর ইউরোপের সাতটি এলিট ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন। ছোট কোন ক্লাবের সঙ্গে নাম জড়াননি আনচেলত্তি। কিন্তু এবার ইংলিশ লিগের 'বিগ সিক্সের বাইরের দল এভারটনের দায়িত্ব নিলেন ইতালিয়ান এই কোচ।

এভারটনের স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। কার্লোর সঙ্গে ইংলিশ ক্লাবটির চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। তিনি মার্কো সিলভার জায়গায় অভিষিক্ত হলেন। এর আগে ইতালির ক্লাব নাপোলির দায়িত্বে ছিলেন আনচেলত্তি। তার অধীনে নাপোলি ভালো-খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চার গোল দিয়ে জিতে শেষ ষোলোয় ওঠে নাপোলি। তারপরও চাকরি হারাতে হয় কার্লো আনচেলত্তির।

ওই চাকরি যেতে না যেতেই আর্সেনালের দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জন বের হয়। কিন্তু আনচেলত্তি নিজে সেই গুঞ্জন উড়িয়ে দেন। এবার নতুন লক্ষ্য নিয়ে দায়িত্ব নিলেন এভারটনের। চুক্তি নিয়ে আনচেলত্তি বলেন, 'এভারটনের অনেক ভক্ত আছে। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী এক ক্লাব এটি। ক্লাবের মালিক এবং বোর্ডের সাফল্য পাওয়ার একটা পরিষ্কার লক্ষ্য আছে। কোচ হিসেবে এটা আমাকে খুব টেনেছে।'

তাকে দায়িত্ব দিতে পেরে উচ্ছ্বসিত এভারটন। ক্লাব পরিচালক ব্রান্ড বলেন, 'ফুটবলের বর্তমান সময়ের সেরা কোচদের একজন কার্লো আনচেলত্তি। তার শিরোপা জয়ের দারুণ রেকর্ড আছে। ইউরোপের বড় বড় ক্লাবে তিনি দারুণ সাফল্য পেয়েছেন। তাকে দায়িত্ব দিতে পেরে আমরা খুবই খুশি। দলের জন্য সেরা কাউকে বাছাই করতে পেরেছি মনে করছি।'

আরও পড়ুন

×