জুভদের হারিয়ে সুপারকোপা লাজিওর
ছবি: মেইল অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১৪:১২
এক মাসের ব্যবধানে লাজিওর বিপক্ষে দু'বার হারল জুভেন্টাস। দু'বারই একই ব্যবধানে। ৩-১ গোলে। রোববার ওল্ড লেডিরা হারল ইতালিয়ান সুপারকোপার ফাইনালে। লাজিও শেষ তিন বছরের মধ্যে জুভদের দু'বার হারিয়ে উচিয়ে ধরলো শিরোপা।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গোল করে এগিয়ে যায় লাজিও। জুভেন্টাস ম্যাচের ৪৫ মিনিটে তারকা ফরোয়ার্ড পাউলো দিবালার গোলে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ওল্ড লেডিদের সামনে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কোপা ঘরে তোলার। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লাজিওর সামনেই। সুযোগটা তারাই নিতে পারে।
ম্যাচের ৭৩ মিনিটে গোল করে এগিয়ে যায় লাজিও। জুভেন্টাস সেই গোল শোধ করতে ম্যাচের শেষ সময় পর্যন্ত চেষ্টা করে যায়। কিন্তু যোগ করা সময়ে জুভদের সেই আশা শেষ করে দেয় লাজিও। জুভদের ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে তিনে থাকা লাজিও ঘরে তোলে সপ্তম সুপারকোপার শিরোপা।
চলতি মৌসুমে সিরি আ'র প্রতিযোগীতায় দুইয়ে নেমে গেছে জুভরা। গোল ব্যবধানে এগিয়ে আছে ইন্টার মিলান।সুপারকোপা হারে সারিকে নিয়ে আবার ইতালিয়ান মিডিয়ায় প্রশ্ন উঠে গেল। কোচ সারির সামনেও আছে দ্রুত সমাধান যোগ্য প্রশ্ন। দিবালা-রোনালদোকে ঠিকঠাক কাজে লাগানোর প্রশ্ন। লাজিওর বিপক্ষে একটি পরীক্ষাও করে দেখেন সারি। কিন্তু দিবালা-রোনালদোর সঙ্গে হিগুয়েইনও সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলতে বেশি স্বচ্ছন্দ। হারে কি তারই খেসারত দিতে হলো জুভেন্টাসের!
- বিষয় :
- খেলা
- ফুটবল
- জুভেন্টাস-লাজিও
- ইতালিয়ান সুপারকাপ
