ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তো মাশরাফি?

কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তো মাশরাফি?
×

মাশরাফি বিন মুর্তজা- ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২১:৫৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নিয়ে জাতীয় দল নির্বাচকরা কাজ শুরু করেছেন ডিসেম্বরের শুরুতে। পুরোপুরি কাজ শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে। ক্রিকেটারদের প্রস্তাবিত তালিকা দেওয়ার আগে বিসিবির কাছ থেকেও একটা ব্যাপারে নিশ্চিত হতে হবে নির্বাচকদের, ২০২০ সালে কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি বিন মুর্তজাকে রাখা হবে কি-না। যদিও মাশরাফির ব্যাপারে কেউই কিছু ঠিক করে বলতে পারছেন না। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের অবস্থান সম্পর্কেও পরিষ্কার করতে পারেননি চেয়ারম্যান আকরাম খান। চুক্তির বিষয়টি মাশরাফির ওপরই ছেড়ে দিতে চান তিনি।

মাশরাফি জাতীয় দলে শেষ খেলেছেন বিশ্বকাপে। ইনজুরির কারণে শ্রীলংকা সফরের যেতে পারেননি। এরপর আর ওয়ানডে সিরিজও খেলেনি জাতীয় দল। সেদিক থেকে মাশরাফি এখনও ওয়ানডে অধিনায়ক। নড়াইল এক্সপ্রেস আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলে কেন্দ্রীয় চুক্তিতে রাখতে হবে তাকে। কারণ ক্রিকেটারদের চুক্তিভুক্ত করা হয় বিগত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে। সেখানে ২০১৯ সালে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।

এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'মাশরাফিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। এটুকু সম্মান সে পেতে পারে। আমি নিশ্চিত, বোর্ড কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাশরাফির কাছে তার মতামত চাইবে। বোর্ডের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরই মাশরাফির বিষয়টি বলতে পারব।'

বুকির প্রস্তাবের বিষয়ে আইসিসি অ্যান্টিকরাপশন ইউনিটকে না জানিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়ায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না সাকিব। তাই 'এ' প্লাস ক্যাটাগরিতে একজন কমবে। বাকি ক্যাটাগরিতেও খুব বেশি পরিবর্তন হবে না বলে জানান হাবিবুল বাশার। তবে রুকি ক্যাটাগরিতে নতুন করে তিন থেকে চারজনকে নেওয়া হতে পারে বলে জানান তিনি। ২০১৯ সালে রুকিসহ ১৭ জনকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বিসিবি। এবারও সংখ্যাটা সে রকমই থাকতে পারে। পারফরমার ক্রিকেটারদের প্রমোশন দিয়ে 'এ' ক্যাটাগরি থেকে দু'জনকে বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুন

×