রদ্রিগেজকে রিয়াল খেলাবেও না ছাড়বেও না
ছবি: মেইল অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩
ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ রিয়াল মাদ্রিদে আসেন। কার্লো আনচেলত্তির অধীনে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। আনচেলত্তির রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে রাখেন বড় অবদান।
কিন্তু কার্লো চলে যেতেই রদ্রিগেজ ব্রাতা হয়ে পড়েন লস ব্লাঙ্কোস শিবিরে। বেঞ্চ গরম করতে হয় তাকে। পরে রিয়াল কোচ জিনেদিন জিদান তাকে ধারে পাঠিয়ে দেন বায়ার্ন মিউনিখে। রদ্রিগেজ সেখানেও ভালো করেন। বায়ার্নে তার স্থায়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেটা আর হয়নি। হামেস দুই মৌসুম পরে রিয়ালে ফিরে আসেন এবং আবার বেঞ্চে বসে কাটাতে হয় তাকে।
চলতি মৌসুমে জিদানের অধীনে তার ভাগ্য ফেরেনি। রিয়ালের ইনজুরি আক্রান্ত দলেও মাত্র পাঁচ ম্যাচে শুরুর একাদশে নামার সুযোগ পেয়েছেন কলম্বিয়ার এই তারকা। বেঞ্চ গরম করা রদ্রিগেজ তাই ক্লাব ছাড়তে চান বলে খবর। তাকে দলে নিতে পিএসজি, আর্সেনাল, ম্যানইউ ও ইন্টার মিলানের মতো ক্লাব নজর রাখছে। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে না।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসের মতে, জানুয়ারির শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ রদ্রিগেজকে ক্লাব ছাড়তে দেবে না। হাঁটুর ইনজুরি থাকার কারণে অবশ্য রিয়ালের পাশাপাশি জাতীয় দলেও খেলতে পারেননি রদ্রিগেজ। তবে জানুয়ারিতে তিনি ইনজুরি কাটিয়ে ফিরবেন বলে মনে করা হচ্ছে। আর চলতি মৌসুমের বাকি সময়ের জন্য রদ্রিগেজ রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
লা লিগা শিরোপার পথে ছুটছে রিয়াল। বার্সার চেয়ে পিছিয়ে আছে দুই পয়েন্টে। মৌসুমের শেষের দিকে যদি মূল ফুটবলাররা ইনজুরিতে পড়েন তখন রদ্রিগেজরা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এমন চিন্তায় রদ্রিগেজ আছেন রিয়ালের চিন্তায়।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- রিয়াল মাদ্রিদ
- রদ্রিগেজ
