বিসিবির সঙ্গে গিবসনের আলোচনা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৫:৩৩
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ ছেড়েছেন চার্লস ল্যাঙ্গাভেল্টে। বিসিবি তাই বোলিং কোচ খুঁজছে। সেই আলোচনায় বেশ আগে থেকেই নাম উঠেছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের। এবার তিনি জানালেন, বিসিবির সঙ্গে তার কথা হয়েছে।
ওটিস গিবসন বর্তমানে বাংলাদেশেই আছেন। বঙ্গবন্ধু বিপিএলে তিনি দায়িত্ব পালন করছেন কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে। কাছ থেকে দেখছেন বাংলাদেশের পেস বোলারদের। এছাড়া তিনি পূর্ণ মেয়াদে কোন দেশের কোজের দায়িত্বেবো নেই। গিবসনকে হাতের কাছে পাওয়ায় রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া পেসারদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা গিবসন বলেন, 'বিসিবির সঙ্গে আমার কথা হয়নি বলা ভুল হবে। তবে দায়িত্ব নেওয়ার মতো আলোচনা থেকে আমরা এখনও অনেক দূরে। দেখা যাক সামনে কি হয়। আমি ক্রিকেট ভালোবাসি। বোলিং কোচ হিসেবে কাজ করে আনন্দ পায়। সামনে যদি তরুণ পেসারদের নিয়ে কাজ করার কোন সুযোগ হয় অবশ্যই সেটা নিয়ে ভাববো।'
জানুয়ারিতে পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ওই সিরিজের আগেই হয়তো বিসিবি বোলিং কোচ চূড়ান্ত করার ব্যাপারে ভাববে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২০২০ সালে ১০টি ম্যাচ খেলবে। ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিসরে ভালো করতে হলে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি দরকার। সেজন্য দরকার একজন ভালো বোলিং কোচও।
