বার্সাকে হারিয়ে ক্লাসিকোর মঞ্চ ভাঙল অ্যাথলেটিকো
ছবি: ইনডেপেনডেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ১৫:২৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ১৫:৪৭
হোক অর্থের ঝনঝনানি, তবুও প্রথমবার স্প্যানিশ সুপার কোপার আসর বসেছে সৌদি আরবে। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারালেই ফাইনাল হতো সুপার ক্লাসিকোর। এশিয় দর্শকরা তেমনই আশায় ছিলেন।
অ্যাথলেটিকোর সাবেক তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে সেই মঞ্চও তৈরি করে ফেলেছিল বার্সা। কিন্তু শেষ দেখে নেওয়ার মনোভাব নিয়ে নামা অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ সময়ে বদলে দেয় ম্যাচের রঙ। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু পাঁচ মিনিটের ঝলকে ৩-২ ব্যবধানে জিতে ডিয়াগো সিমিওনের দল উঠে গেছে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে। সৌদিতে তাই ১২ জানুয়ারি রাতে সুপার ক্লাসিকো নয়। দেখা যাবে মাদ্রিদ ডার্বি।
অথচ মাদ্রিদের দুই দলের সুপার কোপার ফাইনালই খেলার কথা ছিল না।পুরনো নিয়ম অনুযায়ী, বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু নতুন নিয়মে চার দল নিয়ে সেমিফাইনালসহ নতুন ফরম্যাটে হচ্ছে সুপার কোপার আসর। তাতেই ২০১৪ সালের পর সুপার কোপার ফাইনালে উঠল অ্যাথলেটিকো। আর রিয়ালকে ফাইনালে হারাতে পারলে তৃতীয় সুপার কোপার শিরোপা ঘরে তুলবে ডিয়াগো সিমিওনের দল।
ম্যাচের প্রথমার্ধে ৭৫ ভাগ বল পায়ে নিয়েও গোল করতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে কোকের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। কিন্তু মেসি তাদের লিড ধরে রাখতে দেয়নি। ৫১ মিনিটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর একের পর এক আক্রমণ তুলে অ্যাথলেটিকোকে কোনঠাসা করে ফেলে বার্সা। ম্যাচের ৬২ মিনিটে গ্রিজম্যানের গোল তারই ফল।
গ্রিজুর গোলেই জয় দেখছিল বার্সা। রিয়ালের বিপক্ষে ফাইনালের স্বপ্ন আঁকছিল হয়তো। ঘরের মাঠে এল ক্লাসিকোয় রিয়ালকে হারাতে পারেনি বার্সা। চোট জর্জরিট রিয়ালকে সুপার ক্লাসিকোয় হারানোর চিন্তায় হয়তো ভালভার্দে এবং তার দল শেষ সময়ে মগ্ন ছিল। তাই তো ম্যাচের ৮১ মিনিটে পিকের হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান মোরাতা।
অ্যাথলেটিকোর সমতায় ফেরা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ৮৬ মিনিটে কোরেইতার গোলের অজুহাত দাঁড় করানো কঠিন হবে বার্সা কোচ কিংবা ফুটবলারদের। শেষ সময়ে রক্ষণ ছেড়ে কিছুটা উপরে চলে যান ডিফেন্ডাররা। কোরেইরা দারুণ এক বল টান দিয়ে ঢুকে যায় বার্সা শিবিরে। তার নেওয়া শট বার্সা গোলরক্ষক নেতোর হাতে লেগে গোলে চলে যায়। রাকিটিচ গোললাইন থেকে ফেরানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি বার্সার এড়াতে পারেনি হার।
