'আমার মতো কেউ আসবে না'
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০১:২৭
২০ বছর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ক্রিস গেইল। এর পরও তৃপ্তির ঢেকুর তোলেন না তিনি। মাঠের খেলাটা উপভোগ করেন এবং থেকে যেতে চান আরও কিছু বছর। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা টি২০-র ফেরিওয়ালা নিজেকে দাবি করেন 'ইউনিভার্সাল বস' হিসেবে। তিনি যেমন বললেন, টি২০ ক্রিকেটে গেইলের মতো দ্বিতীয় আর কেউ আসবে না
প্রশ্ন: টি২০র নতুন সুপারস্টার কে?
গেইল: অনেক নতুন খেলোয়াড় এসেছে। তাদের থেকে একজনকে বেছে নেওয়া কঠিন। একটা পর্যায়ে গিয়ে নতুন জেনারেশন জায়গা করে নেবে, এটাই স্বাভাবিক। তবে টি২০'র মঞ্চে তাদের মানিয়ে নিতে হবে, পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে নাম করতে হবে। চারদিকে নাম ছড়ালেই না সুপারস্টার হতে পারবে। বিশ্বের সব কিছুই তো চক্রাকারে চলে, আমরা যেমন এসেছি, তেমনি চলেও যেতে হবে।
প্রশ্ন: টি২০-তে আপনার মতো কাউকে দেখতে চান?
গেইল: ক্রিস গেইল আর আসবে না। বৈশ্বিক বস একজনই, আমার মতো কেউ হতে পারবে না। সুপারস্টার হতে হলে নিজের সামর্থ্য প্রমাণ করতে বিশ্বের নানা প্রান্তে যেতে হয় এবং পারফর্ম করতে হয়। সব কন্ডিশনে পারফর্ম করতে হয়, আমি যেটা ভালোভাবেই করেছি। আমার কোনো কিছু প্রমাণ করার নেই। আমার ক্রিকেট ক্যারিয়ার কোথায় আছে সবাই জানে। যে বা যারা এই পদাঙ্ক অনুসরণ করবে তাদের ভালো করার সুযোগ থাকবে। তবে সবাই তো আর বিশ্বজুড়ে খেলার সুযোগ পাবে না।
প্রশ্ন: ক্রিকেট উপভোগ করেন?
গেইল: হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার মনে হচ্ছে, কিছুটা স্লো হয়ে গেছি। তবে পরিকল্পনা হলো এগিয়ে যাওয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০ বছর ক্রিকেট খেলে ফেলেছি। ক্রিকেটের পরও তো একটা জীবন আছে। এখন লক্ষ্য হলো ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করা এবং অল্প অল্প টি২০ ক্রিকেট খেলে যাওয়া।
প্রশ্ন: কতদিন খেলতে চান?
গেইল: ক্রিস গেইলকে সেন্টার উইকেটে দেখতে চায় মানুষ। তারা উন্মুখ হয়ে থাকে। খেলার প্রতি আমার ভালোবাসা ও আবেগ আছে। যতদিন সম্ভব হবে টি২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যেতে চাই। আমার অফার আছে বিশ্বের নানা প্রান্তে বেশ কিছু টুর্নামেন্টে খেলার। আমি তো আগের চেয়ে তরুণ হয়েছি। শরীর ভালো যাচ্ছে, অতএব আরও এগিয়ে যেতে চাই।
প্রশ্ন: বাংলাদেশি ক্রিকেটারদের কেমন দেখছেন?
গেইল: আমাদের (উইন্ডিজ) আন্তর্জাতিক ক্রিকেটারদের চেয়ে ভালো করছে তারা। বাংলাদেশের ক্রিকেটে উত্থান-পতন যাচ্ছে, আমাদের ওখানেও তাই। আমাদের ধারাবাহিক হতে আরও ম্যাচ ও সিরিজ জিততে হবে। বেশিরভাগ সময় আমরা খেলোয়াড়দের হারিয়ে ফেলি এবং নতুন করে দল সাজাতে হয়। ফলে যারা এক দল সেট ক্রিকেটার নিয়ে খেলে তাদের চেয়ে পিছিয়ে থাকতে হয় আমাদের।
প্রশ্ন: বিপিএলের পোস্টারবয় বলা হয় আপনাকে?
গেইল: বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে খেলতে ইচ্ছে করবে। এখানে সমর্থকদের সাপোর্ট ভালো খেলতে উজ্জীবিত করে। তারা আমার ব্যাটে বিনোদন চায়। সেটা দিতে পারলে অনুপ্রাণিত হই। আমি চেষ্টা করি বিনোদন দিতে এবং তাদের সঙ্গে মজা করতে। বাংলাদেশে খেলা দারুণ ব্যাপার এবং সত্যিই উপভোগ করি। যদিও এ বছর আসতে দেরি হয়ে গেছে। তার পরও বলব, সেরাটা দেওয়ার চেষ্টা করব।
প্রশ্ন: টি২০ বিশ্বকাপে খেলতে চান?
গেইল: খেলতে পারলে তো দারুণ ব্যাপার হবে। দরজা খোলাই আছে। দেখা যাক কী হয়। তরুণ প্রতিভাবান কিছু খেলোয়াড় আছে আমাদের দলে। পরিবার ছেড়ে এখানে এসেছি, দেখা যাক, ইউনিভার্স বস কোন পথে যায়।
প্রশ্ন: জীবন উপভোগ করার রহস্য কী?
গেইল: আমার বইয়ে বলেছি, অস্ট্রেলিয়ায় যখন আমার হার্টে অস্ত্রোপচার হলো এবং সেটা ছিল জীবনের প্রথম। জেগে ওঠার পর সিদ্ধান্ত নিলাম নিজের মতো করে বাঁচব এবং পেছনে ফিরে তাকাব না। কোথায় কী হলো বা কী ঘটল, ওসব নিয়ে ভাবব না। যেটা করলে আমি ভালো থাকব, সেগুলোই করার চেষ্টা করি।
প্রশ্ন: খেলা ছাড়ার পর কোচ হতে চান?
গেইল: সত্যি বলতে, কোচিং আমার পরিকল্পনায় নেই। তবে কোনো কিছুকেই চূড়ান্তভাবে না বলার সুযোগ নেই। জীবনটা একটা সুটকেসের মতো, সব সময় মনে হবে নতুন কিছু করতে চায়। ক্রিকেট ছাড়ার পর আমি ঘুরে বেড়াব। এমন কিছু জায়গা ঘুরে দেখতে চাই, যেখানে কখনও যাওয়া হয়নি। পরিবারকে সময় দেবো। ভাবার সময়ে এসে গেছে, ক্রিকেট ছেড়ে দেওয়ার পর কী করতে চাই।
