ভারতের কাছে হেরে 'চ্যাম্পিয়ন' বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২ | ১৩:৩০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ | ১৩:৪৫
কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। যুবা টাইগারদের ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় যুবারা। এতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। ২০২০ সালে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৭.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।
১১২ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদেই পড়ে ভারত। দ্বিতীয় ওভারেই ওপেনার হারনুর সিংকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন পেসার তানজিম হাসান সাকিব। এরপর দলের হাল ধরেন এসকে রশিদ ও রঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। দুজনের জুটি ভাঙ্গেন পেসার রিপন মণ্ডল। ওপেনার রঘুবংশী ৬৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন প্রান্তিক নাবিলের হাতে ক্যাচ দিয়ে। পাঁচ রান পর রশিদ সাজঘরে ফেরেন ২৬ রান করে। এবারও সেই রিপনের বলে ক্যাচ উইকেট রক্ষক ফাহিমের হাতে। এরপর ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ধুল। ভারতের অধিনায়ক ২০ ও কৌশল তাম্বে ১১ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ বোলার রিপন একাই ৪ উইকেট নেন। সাকিব নেন অপর উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপাকে পড়ে চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাহফিজুল ইসলামকে ২ (৪) রানে বোল্ড করে ফেরান রবি কুমার। আরেক ওপেনার ১৭ বল খেললেও ১ রান করে বিদায় নেন রবি কুমারের বলে ক্যাচ দিয়ে। মাত্র ১৪ রানে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখান রবি। এরপর দলের হাল ধরেন আইচ মোল্লা। কিন্তু আইচ মোল্লা একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪৮ বলে আইচ মোল্লা ফেরেন ১৭ রানে।
আইচ মোল্লার বিদায়ে ৫৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলীয় রান তিন অঙ্কে নিতে দলকে উদ্ধার করলেন মেহরব হাসান ও আশিকুর রহমান। দুজনের ৫০ রানের জুটিতে বাংলাদেশের দলীয় রান একশ পেরিয়ে যায়। কিন্তু তাদের জুটি ভাঙার পর আবার ওলটপালট বাংলাদেশের ইনিংস। ১১১ রানেই অল আউট বাংলাদেশ। আটে নেমে মেহেরব হোসেন ৩০ ও নয়ে নেমে আশিকুর জামান ১৬ রান করেন।
ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন রবি কুমার। ২টি উইকেট নিয়েছেন ভিকি ওস্তওয়াল। রাজবর্ধন হাঙ্গার্গেকর, কৌশল তাম্বে এবং রঘুবংশী ১টি করে উইকেট নিয়েছেন। বাকি ২টি রান আউট হয়েছে।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরে টুর্নামেন্ট শুরু করলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে পাত্তা না দিয়ে শেষ আটে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নবিল, আইচ মোল্লা, মোহম্মদ ফাহিম (অধিনায়ক), আরিফুল ইসলাম, মেহেরুব জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান (অধিনায়ক), রিপন মণ্ডল।
ভারত একাদশ
রঘুবংশী, হারনুর সিং, এসকে রশিদ, যশ ধুল (অধিনায়ক), রাজ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, দীনেশ বানা (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল, রবি কুমার।
- বিষয় :
- বাংলাদেশ
- ভারত
- যুব বিশ্বকাপ
