ক্লাউডে সংরক্ষিত হবে মাইক্রোসফট ফাইল
কবির হাসান
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ০৮:৫৬
সারাবিশ্বে দাপ্তরিক কাজে মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প নেই। অনেকে এর বিশেষ ও বাড়তি সব সুবিধার নিয়মিত খবর রাখেন। কিছুদিন আগে দারুণ এক ফিচারের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নতুন পরিষেবায় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা সবকটি ফাইল নিজে থেকেই সংরক্ষিত হয়ে যাবে ক্লাউড সার্ভারে। এটি হতে পারে ওয়ানড্রাইভ বা গ্রাহকের পছন্দের যে কোনো ক্লাউড লোকেশনে। ফলে যে কোনো জায়গা থেকে ওই ফাইলের অ্যাকসেস থাকা যে কেউ যেখানে-সেখানে সংরক্ষিত ওয়ার্ড ফাইলটি সম্পাদনা করার সুবিধা নিতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে কাজের সুবিধা অনেকাংশে বাড়িয়ে দেবে নতুন যুক্ত হওয়া এই ফিচার। ব্যক্তিগত ফাইল ক্লাউড শেয়ারে রাখায় নিরাপত্তার প্রশ্নে অনেকে আপত্তি তুলতে পারেন। তাদের জন্য রয়েছে বিশেষ পদ্ধতি। সমাধান দেবে ওয়ার্ডের ফাইল অপশনের সেভ ট্যাব।
ওই অংশে পাওয়া যাবে ‘ক্রিয়েট নিউ ফাইল ইন দ্য ক্লাউড অটোমেটিক্যালি’ অপশন। সেখানে আনচেক করে চেক মার্ক করতে হবে সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট অপশনে। ফলে প্রয়োজন ছাড়া ফাইল স্বয়ংক্রিয় ক্লাউড সার্ভারে সংরক্ষিত হবে না। আবার জরুরি সময়ে অপশন বদলে পরিষেবা সচল করে ব্যক্তিগত ফাইল রাখা যাবে ক্লাউড সার্ভারে।
- বিষয় :
- মাইক্রোসফট
