ভবিষ্যতের ব্রাউজার যেমন হবে
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওয়েব ব্রাউজার তৈরি করছে ওপেনএআই
সাব্বিন হাসান
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৯:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ১৪:৫২
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ওয়েব ব্রাউজার উদ্ভাবন করেছে চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা ওপেনএআই। এই ওয়েব ব্রাউজারের নাম হতে চলেছে চ্যাটজিপিটি অ্যাটলাস। এ নিয়ে যেন হইচই পড়ে গেছে। নির্মাতা সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলে বিষয়টি নিশ্চিত করে ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে সারাবিশ্বে ম্যাকওএস সিস্টেমে মিলবে ওপেনএআই উদ্ভাবিত ব্রাউজার পরিষেবা।
ক্রমে তা উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সিস্টেমের ব্রাউজারে পরিষেবা উন্মুক্ত করতে শুরু করবে। ফলে অচিরে গুগল ওয়েব ব্রাউজারকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
ব্রাউজারের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুক্ত করতে ওয়েব ব্রাউজারকে নতুন রূপ দিতে কাজ করছে কয়েকটি সংস্থা। এ ব্যাপারে পারপ্লেক্সিটি এআই ঘরানার নতুন এআই ব্রাউজার সাড়া জাগিয়েছে। অপেরার মতো ব্রাউজার নিজেদের ওয়েব ব্রাউজারে একাধিক এআই ফিচার সমন্বয় করেছে।
ব্রাউজার গুরু খ্যাত গুগলও নতুন করে কাজ শুরু করেছে। ইতোমধ্যে সংস্থাটি জেমিনি এআই মডেলকে ক্রোম মডেলের সঙ্গে যুক্ত করেছে। অন্যদিকে ওপেনআই, পারপ্লেক্সিটির মতো সংস্থা গুগল কেনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। এমন খবর ছড়ানোর পরে যুক্তরাষ্ট্রে গুগলের শেয়ারদরে বড় ধরনের পতন দৃশ্যমান হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চ্যাটজিপিটি ঘরানার নতুন ব্রাউজার ভবিষ্যতের অন্যতম শক্তিশালী সার্চ টুলস হিসেবে সামনে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্রাউজারে ভবিষ্যতের সব ধরনের কাজ বেশ সহজসাধ্য করে তুলবে। নতুন এই ব্রাউজার শিক্ষার্থীর জন্য অভূতপূর্ব সম্ভাবনা আর সুযোগ তৈরি করবে। আগ্রহীরা কোনো বিষয় গভীরভাবে খোঁজ করলে অ্যাটলাস তা বিশদ বিশ্লেষণে সামনে আনবে। ভবিষ্যতের সব ধরনের চাকরির সাক্ষাৎকারে সহায়ক শক্তি হবে।
বিমানের টিকিট, রেস্তোরাঁ বা হোটেল বুকিং– এমন কিছুর খোঁজ নিমেষে করে দেবে এআই প্রম্পট। তখন আর বহুমাত্রিক কাজের জন্য সার্চ করে লিঙ্ক খোঁজার প্রয়োজনই হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্রাউজার যথার্থ লিঙ্কের মাধ্যমে সর্বশেষ আপডেট সামনে উপস্থিত করবে।
চ্যাটজিপিটি অ্যাটলাস মূলত নতুন ধরনের এআই ব্রাউজার, যা আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে সমূলে বদলে দেবে। যখন কোনো তথ্য খোঁজার প্রয়োজন হয়, তখন গুগল বা অন্যসব সাইটে যেতে হয়। সে সময় আলাদা ট্যাবে চ্যাটজিপিটি বা অন্য কোনো টুল ব্যবহার করতে হয়। কিন্তু অ্যাটলাসের সহায়তায় শুধু একক ব্রাউজিং সেশনেই সব কাজ সেরে নেওয়া যাবে।
মূল বৈশিষ্ট্য সাইডবার
ভবিষ্যতে যে কোনো ওয়েবসাইটে আস্ক চ্যাটজিপিটি সাইডবার খোলা যাবে। সেখানে এআই ওয়েব পেজের তথ্য পড়ে প্রশ্নকর্তার সদুত্তর দিতে পারে। আবার আর্টিকেল সংক্ষেপ করতে পারে বা কঠিন বিষয় সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করে দেবে চোখের পলকে।
ফিচার ইজ মেমোরি
ব্রাউজারটির প্রধান বৈশিষ্ট্য হলো এর স্মৃতি ধারণ বা মেমোরি। এটি প্রশ্নকর্তার সব ধরনের ব্রাউজিং কনটেক্সট মেমোরিতে সংরক্ষণ করবে। যেমন– কেউ যদি কোনো বিষয় নিয়ে আগেই পড়ে থাকেন বা কোনো পেজ ভিজিট করেছেন, অ্যাটলাস তা ঠিকঠাক স্মরণে রাখবে।
এতে পরের বার একই বিষয়ের খোঁজ অনেকাংশে সহজ হবে। অবশ্য আগ্রহীরা চাইলে এই মেমোরি বন্ধ করতে বা মুছে ফেলার সুবিধা পাবেন। কিন্তু ইনকগনিটো মোডে ব্রাউজ করলে এআই তার কোনো তথ্য সংরক্ষণ করবে না।
ব্যক্তিতথ্য নিরাপত্তা
আগ্রহীর যে কারও ব্রাউজ করা তথ্য মডেল প্রশিক্ষণের জন্য ডিফল্টভাবে ব্যবহার হবে না। তা ছাড়া প্যারেন্টাল কন্ট্রোল ও এজেন্ট ফিচারে থাকবে নিয়ন্ত্রণ সুবিধা। শিশু বা নিরাপত্তা সচেতন গ্রাহকের জন্য তা বেশ সহায়ক হবে বলে জানিয়েছে ওপেনএআই।
বিশেষ মোড
কয়েকটি কাজ এতে সরাসরি ব্রাউজার করার সুবিধা পাওয়া যাবে। যেমন– পণ্যের খোঁজ, বিশেষ প্রয়োজনে লিঙ্ক খোলা বা অনলাইন তথ্য সমন্বয় করা। কিন্তু এই মোডে ফাইল ডাউনলোড বা সফটওয়্যার ইনস্টলের সুবিধা থাকবে না।
বিশ্লেষকরা বলছেন, ব্রাউজিং দুনিয়ায় নতুন ধারা তৈরি করবে অ্যাটলাস। যার ব্যবহারে সাশ্রয় হবে মূল্যবান সময়, সহজ হবে তথ্যের উপস্থাপন ও স্মার্ট ব্রাউজিংয়ে থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ। যদিও এটি এখনও প্রথম সংস্করণে রয়েছে। ওপেনএআইর লক্ষ্য স্পষ্ট, গ্রাহকের পূর্ণ নিয়ন্ত্রণে রেখে এআই ব্রাউজিং জগৎকে ভবিষ্যতের জন্য সমৃদ্ধ ও সুসংহত করা।
- বিষয় :
- ব্রাউজার
- এআই
- ওপেনএআই
- চ্যাটজিপিটি
