ইউটিউব কনটেন্ট ইকোসিস্টেমে যেসব সীমাবদ্ধতা
আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৯:২২
যত কার্যকরই হোক না কেন এআই, ইউটিউব ইকোসিস্টেমে এর ব্যবহারের কিছু সীমাবদ্ধতা তো থাকছেই। অভূতপূর্ব কনটেন্ট তৈরি করতে পারলেও এআইর তৈরি কনটেন্টে মানবিক সৃজনশীলতা, আবেগ বা ব্যক্তিত্বের ছাপ একেবারেই পাওয়া যায় না।
এআই মূলত বিদ্যমান বা প্রদেয় ডেটার ওপর ভিত্তি করে বিশেষ প্যাটার্ন অনুসরণ করে। ফলে এআই জেনারেটেড সব ভিডিও হয় একঘেয়ে। অনেক ক্ষেত্রে তা পুনরাবৃত্তিমূলক হতে পারে। সফল একজন ইউটিউবার তাঁর ব্যক্তিত্ব ও মানুষের সঙ্গে জনসংযোগ (ইন্টারেকশন) মাধ্যমে যে সম্পর্ক তৈরি করেন, এআই পরিচালিত চ্যানেলে তা করতে অনেকাংশে ব্যর্থ হয়।
ভুল তথ্যের ছড়াছড়ি
সহজে ও দ্রুত ভিডিও তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতে ভুল তথ্য বা ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সহজেই ভুয়া (ফেক) ভিডিওচিত্র তৈরি করা যায়, যা ইতোমধ্যে সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। যদিও এআই মডারেশন সিস্টেম এ ধরনের কনটেন্ট শনাক্ত করার চেষ্টা করছে। তবে নিত্যনতুন ধারার ভুয়া ভিডিও তৈরি হলে তা শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে।
কপিরাইট ও নৈতিক বিতর্ক
ইন্টারনেটের অবাধ ও সহজপ্রাপ্ত ডেটা নিয়ে কনটেন্ট তৈরি করে এআই টুলস। প্রায়ই এ ক্ষেত্রে কপিরাইট আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়। এআই যদি কোনো শিল্পীর কাজ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন কিছু তৈরি করে, তবে সেটির কপিরাইট কার হবে, এমন আইনি ও নৈতিক প্রশ্নে মীমাংসা এখনও হয়নি।
কনটেন্ট ওভারলোড
সারাবিশ্বে কনটেন্ট তৈরির প্রক্রিয়াকে এআই এতটাই সহজ করেছে যে, ইউটিউবে নিম্নমানের ভিডিওর সংখ্যা বহু গুণে বেড়ে গেছে।
ড্রপ অব কোয়ালিটি
যখন কোনো নির্দিষ্ট বিষয়ে অসংখ্য এআই জেনারেটেড ভিডিও তৈরি হয়, তখন ভালো মানের ও মৌলিক কনটেন্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে পুরো ইকোসিস্টেমের গুণগত
মান অনেকাংশ কমে যায়।
ইউটিউবে এআই
ইউটিউবের ভবিষ্যৎ নির্ধারণে এআই বড় ভূমিকা রাখবে, তা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। এটি কোনোভাবেই মানবিক গুণের বিকল্প হতে পারে না; বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ভবিষ্যতের সফল কনটেন্ট ক্রিয়েটর হবেন তারাই, যারা এআই প্রযুক্তিকে সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করবেন।
- বিষয় :
- ইউটিউব
