কৃত্রিম মেধার নিয়ন্ত্রণে কঠোর হবে নীতিমালা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১১:১৬
ইলন মাস্ক– স্বনামেই যাঁর বিশ্ব পরিচিতি। তাঁরই মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তাদের এআই চ্যাটবট গ্রোকের ব্যবহারে নতুন বিধিনিষেধের ঘোষণা করেছে।
সাধারণ ছবিকে অশ্লীল চিত্রায়ণ করা বা কাপড় খুলে দেওয়া ধরনের কনটেন্ট তৈরির অভিযোগে সারাবিশ্বে সমালোচনার মুখে পড়ে গ্রোক। ঠিক এর পর থেকেই একে কঠোর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে নারী ও শিশুর আবেদনমূলক ছবি তৈরির ঘটনায় টানা চাপ বাড়ছিল এই অভিযুক্ত সংস্থায়।
কর্তৃপক্ষ বলছে, যেসব দেশে স্থানীয় আইন অনুযায়ী এ ধরনের কাজ বেআইনি, সেখানে গ্রোক ও এক্সের সব ব্যবহারকারীর জন্য মানুষের ছবিতে বিকিনি, অন্তর্বাস বা একই ধরনের পোশাক যোগ করা বা পরিবর্তনের ক্ষমতাকে জিওব্লক করা হবে।
এই নিষেধাজ্ঞা বিনামূল্যে গ্রাহক থেকে শুরু করে পেইড সাবস্ক্রাইবার– সবার জন্যই প্রযোজ্য হবে। বিবৃতিতে এক্স জানিয়েছে, আমরা প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছি, যাতে গ্রোক মানুষের রিভিয়েলিং ক্লথিং ছাড়া ছবি সম্পাদনা করতে না পারে।
এই নিয়ম এই প্ল্যাটফর্মের সবার জন্যই কার্যকর হবে। এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইলন মাস্কের এআই সংস্থা এক্স এআইর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। মূল অভিযোগ, কিছুদিন ধরে গ্রোক অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট তৈরির পেছনে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়েছে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, বহির্বিশ্বেও এই ইস্যুতে চাপ বাড়ছিল। গ্রোকের তথাকথিত স্পাইসি মোড ফিচার ব্যবহার করে খুব সহজ টেক্সট প্রম্পটের মাধ্যমে নারী ও শিশুর ডিপফেক ছবি তৈরি করা যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। এর জেরে ইন্দোনেশিয়া প্রথম দেশ হিসেবে এই প্ল্যাটফর্মকে একেবারে ব্লক করে দেয়। পরের দিনই একই নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া। কয়েকটি দেশের স্থানীয় সরকার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয়। জানানো হয়, কঠিন অভিযোগের ভিত্তিতে এক্সের কয়েক হাজার পোস্ট ও কয়েকশ গ্রাহকের অ্যাকাউন্ট সরানো হয়েছে।
ইউরোপে গ্রোকের ওপর আইনি চাপ বাড়ানো হয়েছে। ব্রিটেনের মিডিয়া রেগুলেটরি সংস্থা অফকম বলছে, সে দেশের আইন লঙ্ঘন হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, ফ্রান্সের শিশু কমিশনার গ্রোক নির্মিত তৈরি করা ছবির বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বিশ্বের অনেক দেশই কৃত্রিম মেধার (এআই) এরূপ অপব্যবহার রুখতে জোরালো আর কঠোর পদক্ষেপের পথ বেছে নেবে। এবার এআই প্ল্যাটফর্ম গ্রোকের ওপর কড়া বিধিনিষেধ যেন তারই পূর্বাভাস দিয়েছে।
- বিষয় :
- নীতিমালা
