তিন কারণে আইফোন তৈরিতে সংকট
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:৩২
আইফোন, ম্যাকবুক বা আইপ্যাড কিনতে ভবিষ্যতে ব্যয় বাড়বে, তা প্রায় চূড়ান্ত। অ্যাপল সংস্থার প্রধান নির্বাহী টিম কুক সাফ জানিয়ে দিয়েছেন, কয়েকটি পণ্যের দাম বাড়ানো এখন প্রায় অনিবার্য হয়ে উঠেছে। মেমোরি ও স্টোরেজ চিপের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সাক্ষাৎকারে টিম কুক বলেন, দুর্ভাগ্যবশত এ মুহূর্তে দাম বাড়ানোর সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের ওপর যে বিপুল খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে, তা কমিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছি। এতদিন পণ্যের এই দাম বাড়ানোর প্রভাব থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতি আর সামাল দেওয়ার সুযোগ নেই।
ঠিক কবে থেকে দাম বাড়বে, কতটা বাড়বে আর কোন কোন পণ্যের ক্ষেত্রে এই বৃদ্ধি কার্যকর হবে– সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বরে আইফোন ১৮ সিরিজ ও সম্ভাব্য ফোল্ডেবল আইফোন উন্মোচনের সময় দাম বাড়ানোর বিষয়টি সুস্পষ্ট হতে পারে।
জানা গেছে, ম্যাক ও আইপ্যাডের ক্ষেত্রে দাম বৃদ্ধি তুলনামূলক দ্রুত কার্যকর হতে পারে। সম্প্রতি অ্যাপল তাদের ম্যাক মিনির প্রাথমিক দাম বাড়িয়েছে।
কুক জানিয়েছেন, মেমোরি ও স্টোরেজ– দুই ক্ষেত্রেই খরচ অনেকাংশে বেড়েছে। ডির্যামের চাহিদা সবচেয়ে বেশি। এআই সার্ভারে ব্যবহৃত হাই-ব্যান্ডউইডথ মেমোরির (এইচবিএম) চাহিদা বাড়ায় সাধারণ কনজ্যুমার ডিভাইসের জন্য সরবরাহে চাপ তৈরি হয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ আগের তুলনায় অনেক কমেছে। কারণ, মেমোরি নির্মাতারা বড় অঙ্কের দাম বাড়িয়েছে। কনজ্যুমার পণ্যের জন্য মেমোরির দাম ও সরবরাহকে আবার যুক্তিসংগত স্তরে ফিরিয়ে আনা প্রয়োজন।
২০২৫ সাল থেকে গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের এআই বিনিয়োগ বাড়ার পর মেমোরি ও স্টোরেজ চিপের দাম বেড়েছে চার গুণ। জানা গেছে, একই লাভের হার বজায় রাখতে গেলে পরবর্তী আইফোন প্রো মডেলের দাম প্রায় ২৭০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সংস্থাটি মনে করছে, ২০২৭ সাল পর্যন্ত এই মূল্যবৃদ্ধির প্রবণতা চলতে পারে। কমপ্যাক ও আইবিএম সংস্থায় কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কুক বলেন, তিনি আগে কখনও এমন পরিস্থিতি দেখেননি। তাঁর ভাষায়, এটি শতাব্দীতে একবার দেখা যায় এমন বন্যার মতো।
বর্তমানে চীনে একাধিক বড় মেমোরি ও স্টোরেজ নির্মাতা সংস্থা তৈরি হয়েছে। তবে জাতীয় নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে মার্কিন সংস্থাকে তাদের সঙ্গে ব্যবসা করতে সরকারি অনুমোদন প্রয়োজন হয়। কুক এ প্রসঙ্গে বলেন, সব বিকল্পই বিবেচনায় রাখা উচিত। আমাদের সব সম্ভাব্য সরবরাহ উৎসের দিকে নজর দেওয়া প্রয়োজন। আগামী সেপ্টেম্বরে জন টার্নাসের হাতে নেতৃত্ব হস্তান্তরের আগে অ্যাপল গ্যাজেটের দাম বাড়ার আনুষ্ঠানিক ঘোষণা করে কিনা, তার সদুত্তর সময়ই বলে দেবে।
- বিষয় :
- আইফোন
