ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

একটি ভুল ক্লিকে বদলে যেতে পারে শিক্ষার্থীর জীবন

সাইবার সচেতনতা কর্মসূচিতে বক্তারা

একটি ভুল ক্লিকে বদলে যেতে পারে শিক্ষার্থীর জীবন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এ সম্পর্কে সচেতন হওয়াও এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। একটি ওটিপি, একটি ভুল ক্লিক বা একটি যাচাইবিহীন শেয়ারের ফলে মুহূর্তেই বদলে যেতে পারে একজন শিক্ষার্থীর জীবনের হিসাব-নিকাশ। প্রযুক্তিনির্ভর এ সময়ে সাইবার নিরাপত্তা আর কেবল প্রযুক্তিবিদদের বিষয় নয়; এটি এখন প্রতিটি নাগরিকের ভাবনার বিষয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সাইবার সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিকাশ লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।

এতে অংশ নেয় ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শ্রেণির ৬০০ শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি সানা শামিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিপিসির বিশেষ পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে সানা শামিনুর রহমান শিক্ষার্থীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ওটিপি ও পিন নম্বর গোপন রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, সাইবার অপরাধীরা মানুষের অসতর্কতাকেই সবচেয়ে বড় সুযোগ হিসেবে ব্যবহার করে। সচেতনতা এ ধরনের অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
শামিনুর রহমান আরও বলেন, বর্তমানে অপতথ্য ও গুজব সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা যেমন ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে, তেমনি সমাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি ডিজিটাল নাগরিকের দায়িত্ব তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল আচরণ করা।

সভাপতির বক্তব্যে মাজেদা বেগম বলেন, সিআইডির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নিজেদেরসহ পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকেও সুরক্ষিত করার প্রয়াস রাখবে।
প্রধান বক্তা অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, সাইবার অপরাধীরা সাধারণত প্রযুক্তির দুর্বলতার চেয়ে মানুষের অসতর্কতাকেই বেশি কাজে লাগায়। একটি ওটিপি শেয়ার করা, অপরিচিত লিংকে ক্লিক করা কিংবা সামাজিক মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা একজন মানুষকে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে ফেলতে পারে। তাই সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং তথ্য যাচাইয়ের অভ্যাস সাইবার নিরাপত্তার প্রথম ও সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।

আরও পড়ুন

×