ওয়ালটনের র্যাম উৎপাদন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ১০:১১
কম্পিউটার ও ল্যাপটপের অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাম তৈরির মাধ্যমে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে নতুন এক মাইলফলক সৃষ্টি করেছে ওয়ালটন। 'মেইড ইন বাংলাদেশ'খ্যাত ওয়ালটন র্যাম উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কেক কেটে ওয়ালটন র্যামের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় র্যাম উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী লিয়াকত আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আগামী চার থেকে পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক উপরে উঠে আসবে। এ সময়ে বৃহৎ ৩০টি অর্থনীতির দেশের মধ্যে থাকবে বাংলাদেশ। কর্মসংস্থান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ওয়ালটনের কাছে দাবি থাকবে দেশে বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করা। বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক দক্ষ। তাদের হাত ধরে বাংলাদেশের শিল্প অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দেশের জনগণ সব থেকে বড় সম্পদ। দেশের ৬১ শতাংশ মানুষ কর্মক্ষম, যা বিশ্বের কোথাও নেই।
নিজের প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আমার একটা লেদার শিল্প ছিল। সেখানে ফিনিশড পণ্য তৈরি করে বিদেশে পাঠানো হতো। এ শিল্পের একটা মেশিন চালাতে স্পেনের একজনকে রেখেছিলাম। তিনি আর আমার ফ্যাক্টরিতে ফেরেননি। পরে আমার দেশের দুইজন মেয়েকে দিয়ে সেই মেশিন চালিয়েছি। আমার দেশের মেয়েরা সবকিছু পারে, তারা অনেক মেধাবী। এসব মেধাবীকে কাজে লাগাতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
- বিষয় :
- ওয়ালটন
- ওয়ালটনের র্যাম
