রাজশাহীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:৪৪
রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
শনিবার ৯টার দিকে মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু হল- মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মো. রানা।
জানা যায়, প্রথমে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এক সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুজি করেন। দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
- বিষয় :
- পানিতে ডুবে
