হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
ছবি: সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২২ | ১২:০৬ | আপডেট: ১১ মার্চ ২০২২ | ১২:০৬
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মইনুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি এবং নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান ওসি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দূর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অসংখ্য যাত্রী।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
