ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সমকালে খবর প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু

সমকালে খবর প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু
×

সমকালে প্রকাশিত সংবাদ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬

বরিশাল নগরীর পূর্ব রূপাতলী পয়েন্টে কীর্তনখোলা দখল কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে কীর্তনখোলায় দেওয়া বাঁধ ও পাইলিংয়ের একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান। শনিবার সমকালে 'দখলগ্রাসে কীর্তনখোলা: নির্বিকার প্রশাসন' শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর এ উচ্ছেদ অভিযান চালানো হলো।

সরকারি বিধি ভঙ্গ করে বরিশাল নগরের পূর্ব রূপাতলী এলাকার খলিফাবাড়ির পর থেকে উত্তরে কাটাদিয়া খাল পর্যন্ত কীর্তনখোলার পশ্চিম তীরে বাঁধ দিয়ে ভরাট করে প্রায় দেড় কিলোমিটার ফোরশোর দখল করছিলেন ওই এলাকার প্রভাবশালী রাইভিউল কবির স্বপন।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, নদী দখলকারীরা ক্ষমা পাবেন না। কীর্তনখোলার অবৈধ দখলদারদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। সব দখলদারকে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এনায়েত হোসেন শিবলু উচ্ছেদ শুরু করায় জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

×