পিআইসিকে দিনভর থানা হাজতে রেখে সন্ধ্যায় মুচলেকা দিয়ে মুক্তি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ১০:৩২ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ১০:৩২
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে এক পিআইসিকে দিনভর থানা হাজতে রেখে সন্ধ্যা ৭টায় মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
সন্ধ্যায় তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে হাজির করে তাহিরপুর থানা পুলিশ। এসময় ৩ দিনের মধ্যে কাজ শেষ করে দিবে মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে মাটিয়ান হাওর ৬৩নং প্রকল্পের সভাপতি আইন উদ্দিন বলেন, আজ আমার প্রকল্প কাজ এলাকায় ইউএনও স্যার পরিদর্শনে গেলে কাজের শ্রমিক না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমাকে তাহিরপুর থানায় এনে আটক করেন। ৩ দিনের মধ্যে কাজ শেষ করে দিবো মর্মে মুচলেকা দিলে আমাকে সন্ধ্যায় ছেড়ে দেন।
তিনি আরো জানান, পবিত্র শবে বরাতের কারণে শ্রমিকরা আজ কাজে আসেনি।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আগামী ৩ দিনের মধ্যে কাজ শেষ করে দিবে, এমন আশ্বাস দেয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।